অফশোর ব্যাংকিং ইউনিটের জন্য নতুন নির্দেশনা
প্রচ্ছদ » Uncategorized » অফশোর ব্যাংকিং ইউনিটের জন্য নতুন নির্দেশনাপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : অফশোর ব্যাংকিং ইউনিট বা ওবিইউ’র কার্যক্রম নিয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২১ মার্চ) ব্যাংকের পরিসংখ্যান বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করে।
এতে জানানো হয়, নতুন অফশোর ব্যাংকিং ইউনিটের কার্যক্রম চালু হওয়ার সাত কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কাগজপত্রসহ ওবিইউ কোডের জন্য কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিভাগে আবেদন করতে হবে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয় এ নির্দেশনা।
নির্দেশনায় বলা হয়েছে, অর্থনৈতিক কার্যক্রমের সঙ্গে সঙ্গে অফশোর ব্যাংকিং ইউনিটের কার্যক্রম দ্রুত গতিতে বাড়ছে। ফলে সঠিকভাবে ওবিইউ’র তথ্য-উপাত্ত সংগ্রহ, সংকলন ও সংরক্ষণের প্রয়োজনে প্রতিটি ওবিইউ’র জন্য একটি করে কোড বরাদ্দের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। অফশোর ব্যাংকিং ইউনিটের তথ্য-উপাত্তের রিপোর্টিং কার্যক্রম সঠিকভাবে করতে এই নির্দেশনা।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মতে, এখন থেকে নতুন অফশোর ব্যাংকিং ইউনিটের কার্যক্রম চালু হওয়ার সাত কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কাগজপত্রসহ কোডের জন্য পরিসংখ্যান বিভাগে আবেদন করতে হবে। কোনো ওবিইউ’র কার্যক্রম বন্ধ হলে সাত কর্মদিবসের মধ্যে কোড বাতিলের জন্য জানাতে হবে পরিসংখ্যান বিভাগকে।
এছাড়া আগের বরাদ্দ করা ওবিইউ কোডগুলো (এফইপিডি থেকে বরাদ্দ কোডসহ) বলবৎ থাকবে। অফশোর ব্যাংকিং ইউনিটের অনুমোদন গ্রহণের পর, তথ্য-উপাত্ত দাখিলের জন্য ওবিইউ কোড শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ থেকে বরাদ্দ করা হবে।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২১ মার্চ , ২০২২।








