অ্যাপে বাড়ছে বিনিয়োগকারী কমছে লেনদেন

প্রচ্ছদ » Uncategorized » অ্যাপে বাড়ছে বিনিয়োগকারী কমছে লেনদেন

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : চলমান করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোবাইল অ্যাপ ব্যবহারকারী বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে। তবে বিনিয়োগকারীর সংখ্যা বাড়লেও অ্যাপের মাধ্যমে লেনদেনের হার কমে গেছে।

ডিএসইর মোবাইল অ্যাপের লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, লকডাউন শুরুর আগে ডিএসইতে যে লেনদেন হয় তার প্রায় ১৫ শতাংশ ছিল মোবাইল অ্যাপের মাধ্যমে। কিন্তু লকডাউনের মধ্যে তা কমে ১০ শতাংশের কাছাকাছি চলে এসেছে। অথচ লকডাউনের মধ্যে মোবাইল অ্যাপে নতুন বিনিয়োগকারী বেড়েছে প্রায় দুই হাজার।

মোবাইল অ্যাপের মাধ্যমে লেনদেন হার কমে যাওয়ার কারণ লকডাউনের মধ্যে লেনদেনের পরিমাণ বেড়েছে। তাছাড়া মোবাইল অ্যাপ ব্যবহার করেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। বড় বিনিয়োগকারীরা মোবাইল অ্যাপ ব্যবহার করেন না

সংশ্লিষ্টরা বলছেন, ডিএসইর মোবাইল অ্যাপে নানা সুবিধা রয়েছে। কিন্তু সঠিক প্রচার-প্রচারণার অভাবে এই অ্যাপ ব্যবহাকারীর সংখ্যা খুবই কম। এছাড়া ডিএসইতে দক্ষ লোকবলের অভাবে মোবাইল অ্যাপে প্রায় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, যা বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে। আবার যারা এই অ্যাপ ব্যবহার করছেন, তাদের সিংহভাগ ক্ষুদ্র বিনিয়োগকারী। ফলে লেনদেনের খুব কম অংশই অ্যাপের মাধ্যমে হচ্ছে।

প্রচার-প্রচারণার অভাব থাকলেও বেশ ঘটা করেই ২০১৬ সালের ৯ মার্চ ‘ডিএসই মোবাইল’ নামে একটি অ্যান্ড্রয়েডভিত্তিক অ্যাপ্লিকেশন চালু করে ডিএসই। এরপর পাঁচ বছর কেটে গেলেও অ্যাপটি ব্যবহারে বিনিয়োগকারীদের তেমন সাড়া পাওয়া যাচ্ছে না। মাত্র এক শতাংশের মতো বিনিয়োগকারী বর্তমানে মোবাইল অ্যাপটি ব্যবহার করছেন।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, লকডাউনের আগের দিন গত ৪ এপ্রিল ডিএসইর মোবাইল অ্যাপে নিবন্ধিত বিনিয়োগকারীর সংখ্যা ছিল ৬২ হাজার ৪৭৬ জন। ২৯ এপ্রিল এসে সেই সংখ্যা দাঁড়ায় ৬৪ হাজার ৬৫ জনে। এই হিসাবে লকডাউনের মধ্যে মোবাইল অ্যাপে নতুন করে নিবন্ধিত হয়েছেন এক হাজার ৫৮৯ জন।

এদিকে লকডাউনের আগে এপ্রিলের শুরুতে বা ১ এপ্রিল ডিএসইর মোট লেনদেনের ১৪ দশমিক ৬৫ শতাংশ ছিল মোবাইল অ্যাপের মাধ্যমে। লকডাউনের আগের কার্যদিবস ৪ এপ্রিল ডিএসইর মোট লেনদেনের ১৪ দশমিক ৯২ শতাংশ ছিল মোবাইল অ্যাপ থেকে।

বিনিয়োগকারীরা সঠিক সময়ে অ্যাপে ঢুকতে পারছেন না, অ্যাপে লেনদেনের হার কমে যাওয়ার এটি একটি কারণ হতে পারে। তবে ডিএসই সবকিছু দেখছে। অ্যাপ ব্যবহার আরও কীভাবে সহজ ও আরামদায়ক করা যায় তার ব্যবস্থা করা হচ্ছে

অন্যদিকে ২৯ এপ্রিল ডিএসইর মোট লেনদেনের ১১ দশমিক শূন্য ২ শতাংশ মোবাইল অ্যাপ থেকে ছিল। তার আগের কার্যদিবস ২৮ এপ্রিল মোবাইল অ্যাপ থেকে লেনদেনের পরিমাণ ছিল ডিএসইর মোট লেনদেনের ১০ দশমিক ৬৩ শতাংশ। এপ্রিলে মোবাইল অ্যাপে লেনদেন হার সবচেয়ে কম ছিল ২০ এপ্রিল। ওই দিন ডিএসইর মোট লেনদেনের ৭ দশমিক ২৮ শতাংশ ছিল মোবাইল অ্যাপের মাধ্যমে। এ হিসাবে দেখা যাচ্ছে, লকডাউনের মধ্যে ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও মোট লেনদেনে মোবাইল অ্যাপের অংশ কমে গেছে।

এদিকে মোবাইল অ্যাপে যে বিনিয়োগকারীরা নিবন্ধিত তার তিন ভাগের দুই ভাগই নিয়মিত লগ-ইন করেন না বা অ্যাপ ব্যবহার করেন না। সম্প্রতি অ্যাপে প্রবেশ করা বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে অ্যাপের মাধ্যমে ক্রয়-বিক্রয়ের আদেশ দেয়ার সংখ্যা। লকডাউনের শুরুতে প্রবেশকারীর সংখ্যা এবং ক্রয়-বিক্রয়ের আদেশের সংখ্যা কমে গিয়েছিল।

লকডাউনের আগের দিন ৪ এপ্রিল নিবন্ধিত ৬২ হাজার ৪৭৬ জন বিনিয়োগকারীর মধ্যে অ্যাপে প্রবেশ করেন ১৯ হাজার ৩৪১ জন। এসব বিনিয়োগকারী মোট ৪৫ হাজার ৭৯৫টি ক্রয়-বিক্রয়ের আদেশ দেন। এর মধ্যে ৩৭ হাজার ৮৩৭টি ক্রয়-বিক্রয়ের আদেশ নিষ্পন্ন হয়।

লকডাউন শুরুর পর অ্যাপে প্রবেশ করা বিনিয়োগকারীর সংখ্যা কমতে কমতে ১৩ এপ্রিল ১৭ হাজার ৬৫৪ জনে নেমে আসে। সেই সঙ্গে ক্রয়-বিক্রয়ের আদেশ কমে দাঁড়ায় ৩৭ হাজার ৭৪৪টিতে, যার মধ্যে লেনদেন নিষ্পন্ন হয় ২৫ হাজার ১২৩টি। সূত্র: জাগোনিউজ।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৫ মে , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০