আইপিও অনুমোদন পেয়েছে কপারটেক ইন্ডাস্ট্রিজ
প্রচ্ছদ » Uncategorized » আইপিও অনুমোদন পেয়েছে কপারটেক ইন্ডাস্ট্রিজ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনের জন্য কপার পণ্য প্রস্তুতকারক কোম্পানি কপারটেচ ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন দিয়েছে।
বিএসইসির ৬৭০তম কমিশন সভায় প্রতিষ্ঠানটির আইপিও অনুমোদন দেয়া হয়।
তথ্যমতে, কোম্পানিটি বাজার থেকে ২০ কোটি টাকা সংগ্রহ করবে। এর বিপরীতে কোম্পানি ২ কোটি সাধারন শেয়ার ছাড়বে। প্রতিটি শেয়ারের মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি প্ল্যান্ট ও যন্ত্রপাতি ক্রয় ও স্থাপন, ভবন ও সিভিল ওয়ার্ক খাত, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরের সর্বশেষ নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়ন ছাড়া কোম্পানির নীট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকা ৬ পয়সা (কোম্পানিটি কোনো সম্পদ পুন:মূল্যায়ন করেনি) এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬০ পয়সা ও ডায়লুটেড শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩ পয়সা। ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৭ পয়সা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।








