আবারও জিততে ভুলে গেল রিয়াল মাদ্রিদ!
প্রচ্ছদ » Uncategorized » আবারও জিততে ভুলে গেল রিয়াল মাদ্রিদ!
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ইতিহাস পরিবর্তন হলো না এবারও। গত পাঁচ মৌসুম ধরে সান্তিয়াগো বার্নাব্যুতে নগর প্রতিদ্বন্দ্বী আতলেটিকো মাদ্রিদকে হারাতে পারেনি রিয়াল। এবারও তার ব্যতিক্রম হলো না। রবিবারের ডার্বিতে ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়ল দুই দল। ম্যাচের দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। দুই দলের হয়ে গোল করেন রোনালদো আর গ্রিজমান। এই ড্রতে আখেরে লাভ হলো বার্সেলোনার। আতলেটিকোর চেয়ে এগিয়ে গেল লা-লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দলটি।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবল খেলছিল রিয়াল মাদ্রিদ। এবার যেন লজ্জার ইতিহাস ঘুচানোর প্রতিজ্ঞা নিয়েই নেমেছে তারা। এরপরও আতলেটিকোর দুর্ভেদ্য রক্ষণের কারণে প্রথমার্ধে অনেকগুলো সুযোগ মিস করল রিয়াল। দশম মিনিটে খুব কাছ থেকেও গোল করতে পারেননি রোনালদো। ২০তম মিনিটে রোনালদোর বুলেট গতির শট ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে দেন ওবলাক। ২৮তম মিনিটে খুব কাছ থেকে নেওয়া রাফায়েল ভারানের শট ঠেকিয়ে আবার অতিথিদের ত্রাতা স্লোভেনিয়ার এই গোলকিপার। আতলেটিকোও বেশ কিছু সুযোগ মিস করে।
দ্বিতীয়ার্ধে ৫৩তম মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় রিয়াল। গ্যারেথ বেলের নিখুঁত ক্রস থেকে দারুণ এক শটে বল জালে জড়ান পর্তুগিজ সুপারস্টার। গোল খেয়ে রক্ষণের চেয়ে আক্রমণ আরও ধাঁরালো করে আতলেটিকো। একের পর এক আক্রমণে ৪ মিনিট পরেই সমতায় আসে তারা। গ্রিজমানের শট গোলকিপার প্রথম দফায় ঠেকিয়ে দিলেও দ্বিতীয় দফায় আর রক্ষা করতে পারেননি। এই ড্র তে দুই দলই পয়েন্ট হারাল। অবস্থানও একই থাকল। আতলেটিকো দ্বিতীয় আর রিয়াল তিন নম্বরে।








