আয়কর মুক্তি চান বেসরকারি মেডিকেল কলেজের মালিকরা
প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » আয়কর মুক্তি চান বেসরকারি মেডিকেল কলেজের মালিকরাপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : প্রতি বছর দেশের তিন শতাধিক গরিব শিক্ষার্থী বিনামূল্যে বেসরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাচ্ছে এবং চিকিৎসক হিসেবে তৈরি হচ্ছে। এমন বাস্তবতায় করোনা পরিস্থিতিতে আয়ের ওপর ১৫ শতাংশ কর মওকুফ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)।
এছাড়া বিভিন্ন চিকিৎসা সরঞ্জামাদি আমদানিতে শুল্ককর প্রত্যাহার এবং স্বাস্থ্যখাতের জন্য আলাদা বাজেট করার তাগিদ দিয়েছে সংগঠনটি।
রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে ২০২২-২৩ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এসব প্রস্তাব দেন সংগঠনের সভাপতি এম এ মুবিন খান।
তিনি বলেন, বর্তমান স্বাস্থ্যখাতে সরকারি ও বেসরকারি উভয়কে আরও বেশি সক্ষম করে তৈরির জন্য দেশের স্বাস্থ্যসেবা খাতের জন্য পৃথক অর্থনৈতিক বাজেট প্রদান করার প্রস্তাব করছি।
বিপিএমসিএ’র সঙ্গে এদিন বাজেট প্রস্তাবনা পেশ করে বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স অ্যাসোসিয়েশন (বিটিএলএ)।
বিটিএলএ জানায়, ২০২০-২১ অর্থবছরে করদাতার সার্বিক পরিস্থিতি বিবেচনায় করমুক্ত আয়ের সীমা ৩ লাখ টাকা করা হয়। তবে করোনার কারণে ব্যবসা-বাণিজ্য তথা আর্থিক লেনদেন প্রায় বন্ধ। কবে স্বাভাবিক হবে তার নির্দিষ্ট সময়সীমা নেই।
তাই ব্যক্তি শ্রেণি করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা ৪ লাখ টাকা করার প্রস্তাব করছি। এছাড়া ব্যক্তি শ্রেণি করদাতাদের ক্ষেত্রে আয়কর হারের পুনর্বিন্যাস প্রস্তাব করে সংগঠনটি।
এছাড়া করপোরেট ট্যাক্সের হার সাড়ে ৭ শতাংশ করার প্রস্তাব দেন সংগঠনটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৩ ফেব্রুয়ারী , ২০২২।








