ইংলিশ লিগে রুনির মাইল ফলক
প্রচ্ছদ » Uncategorized » ইংলিশ লিগে রুনির মাইল ফলকপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ওয়েনার রুনি ফিরে গেছেন ছোটবেলার এভারটনে। ছোটবেলার ক্লাবে থেকেই গোলের অবিশ্বাস্য এক কীর্তি গড়েছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে ২০০তম গোলের রেকর্ডে বসেছেন অ্যালান শিয়ারারের পাশে।
গতকাল ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোল করায় প্রিমিয়ার লিগে ২০০তম গোলের মাইল ফলক স্পর্শ করেন রুনি। আর প্রিমিয়ার লিগে ২৬০ গোল নিয়ে তালিকার শীর্ষে আছেন শিয়ারার। শীর্ষ দশে এখনো খেলে যাচ্ছেন এমন খেলোয়াড় রুনি ছাড়া আছেন শুধু জারমেইঁ ডিফো (১৫৮ গোল)।
মজার ব্যাপার হলো ২০০ গোলের ১৮৩ গোলই ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। এভারটনের হয়ে দুই দফায় করেছেন মাত্র ১৭ গোল। এমন কীর্তির পর রুনি বলেন, চমৎকার একটা ব্যাপার। ভালো লাগছে এমন কীর্তি গড়ে।
এদিকে নতুন এ রেকর্ড গড়ার পর ম্যানচেস্টার ইউনাইটেডকে খোঁচা দিয়ে তিনি বলেন, আমার এই কীর্তিটি তারা দারুণ উপভোগই করেছে বলে মনে হয়।
গত মৌসুমে ইউনাইটেডের হয়ে মাঠে নামতেই পারেননি রুনি । ফলে জাতীয় দলে জায়গা হারিয়েছিলেন। কিন্তু এই মৌসুমের প্রথম দুই ম্যাচেই গোল করেছেন। ফর্ম ধরে রাখতে পারলে আবারও ইংল্যান্ডের জার্সি গায়ে তুলতে পারেন রুনি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন আমি শুধু এভারটন নিয়েই ভাবছি।’
এভারটন ম্যানেজার রোন্যাল্ড ক্যোমান রুনির এই পারফরম্যান্সে মোটেও অবাক হননি। তবে ঘরের ছেলে ফিরে আসায় স্বস্তির নিশ্বাস ফেলেছেন ঠিকই। ৩৫ মিনিটে রুনির এগিয়ে দেওয়া গোলের পর ৪৪ মিনিটে লাল কার্ড দেখেছেন এই মৌসুমেই আসা কাইল ওয়াকার। তবে রাহিম স্টার্লিংয়ের ৮২ মিনিটের গোলে এক পয়েন্ট নিয়ে ম্যাচ শেষ করেছে ম্যানচেস্টার সিটি। ৮৮ মিনিটে লাল কার্ড দেখেছেন আরেক সাবেক ইউনাইটেড খেলোয়াড় মরগান শ্নিডারলিন।








