ইউপিজিডির ২ প্লান্ট থেকে বছরে ২৫০ কোটি টাকা আয় হবে
প্রচ্ছদ » Uncategorized » ইউপিজিডির ২ প্লান্ট থেকে বছরে ২৫০ কোটি টাকা আয় হবে
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন (ইউপিজিডি) কোম্পানি নতুন ২টি পাওয়ার প্লান্টের শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে। আর এই দুই পাওয়ার প্লান্ট থেকে বছরে ২৪০ থেকে ২৫০ কোটি টাকা মুনাফা হবে বলে জানিয়েছে কোম্পানিটি।
গতকাল বুধবার কোম্পানির ৮৫তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির মুনাফার হার এইভাবে চলতে থাকলে শেয়ার প্রতি আয় (ইপিএস) ৬ টাকা হারে বাড়বে।
জানা গেছে, ২০১৭ সালের ৩০ জুন নিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেডের কর পরবর্তী মুনাফা ১৬৬ কোটি টাকা। আর শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ১৫ পয়সা।
তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ইউনাইটেড আশুগঞ্জের কর পরবর্তী নিট মুনাফা দাঁড়ায় ১৪০ কোটি টাকা এবং শেয়ার প্রতি আয় ৩ টাকা ৫০ পয়সা হয়েছে।
একই সময়ে ইউনাইটেড এনার্জির ৫৩ মেগাওয়াটের কর পরবর্তী মুনাফা ৫৩ কোটি টাকা। ১ লা জুলাই ২০১৭ থেকে ৩১ মার্চ ২০১৮ পর্যন্ত এ প্লান্ট থেকে মোট রেভিনিউ আসে ৬৪ কোটি টাকা। আর কর পরবর্তী নীট মুনাফা দাঁড়ায় ৩৮ কোটি টাকা।
মুনাফার এই হার চলতে থাকলে বছরে প্রায় ২৫০ কোটি টাকা ইউনাইটেড পাওয়ারের মুনাফার সাথে যোগ হবে বলে জানিয়েছে কোম্পানিটি।
প্রসঙ্গত, কোম্পানিটি ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেডের (ইউএইএল) ৯২ দশমিক ৪১ শতাংশ শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে। এই শেয়ার অভিহিত মূল্যে কেনা হবে। ১৯৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কোম্পানিটি সরকারি বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে গঠিত।
অপর প্রতিষ্ঠান ইউনাইটেড এনার্জি লিমিটেডের (ইউইএল) ৫৩ মেগাওয়াট পাওয়ার প্লান্ট। যা শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্যের (এনএভি) ভিত্তিতে কেনার সিদ্ধান্ধ হয়েছে। এই প্লান্টি আশুগঞ্জের চর চারতলায় অবস্থিত।
কোম্পানি সূত্র বলছে, এই ২ পাওয়ার প্লান্ট কেনার প্রক্রিয়াসহ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট প্রষ্ঠিানের ক্লিয়ারেন্স নেওয়া হবে আগামী ১ জুলাই থেকে।








