এই শাহাদাত সেই শাহাদাত : কাদের
প্রচ্ছদ » Uncategorized » এই শাহাদাত সেই শাহাদাত : কাদেরনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন সেই নেতা যাকে বিএনপি চেয়ারপারসন ৫ জানুয়ারি নির্বাচনের পরে ঢাকায় বসে আগুনসন্ত্রাস করার জন্য নির্দেশ দিয়েছিলেন।
বুধবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তবে গত সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা শাহাদাত হোসেন ‘খালেদা জিয়ার গাড়িবহরে হামলার নির্দেশ’ সংক্রান্ত অডিওর কণ্ঠস্বর তার নয় বলে দাবি করেন।
গত শনিবার কক্সবাজার যাওয়ার পথে ফেনীতে একদল যুবক বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলা চালায়। খালেদা জিয়ার গাড়ি রক্ষা পেলেও ক্ষতিগ্রস্ত হয় বহরে থাকা গণমাধ্যমকর্মীদের গাড়ি।
ওবায়দুল কাদের বলেন, আমি তো ওই দিনেই বলেছি, তিনি সড়ক পথে গেছেন একটি কারণে। কারণ, তিনি গণ্ডগোল এবং হামলার একটি সাজানো নাটক মঞ্চায়ন করতে চেয়েছিলেন। সেটা তিনি এবং তার দল সুচতুর ও পরিকল্পিতভাবে করার চেষ্টা করেছেন। কিন্তু বাংলাদেশের জনগণ জানে, বাস ও ট্রাক পুড়িয়ে রাজনীতির নোংরা ও হিংস্র খেলার সূচনা কারা এ দেশে করেছে?
ওবায়দুল কাদের বলেন, ইউটিউবে যার হামলার নির্দেশের ‘অডিও’ এসেছে, আজকে এটা নিয়ে দেশে প্রশ্ন উঠেছে, সে কবে গ্রেপ্তার হবে? ইউটিউবে যে বক্তব্য এসেছে, এটা খুঁজে বের করা হচ্ছে। এর সঙ্গে বিএনপির ডাকসাইটে নেতা জড়িত। জনগণ প্রশ্ন করছে, তিনি জড়িত হলে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না?
খালেদা জিয়ার গাড়ি বহরে হামলাকারীদের বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার প্রসঙ্গ তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ওনার গাড়ির চাকা যে পাংচার হয়েছে, সেখানেও কি আওয়ামী লীগাররা ছিল? তার জন্যও কি আওয়ামী লীগকে দায়ী করবে? আসলে বেগম জিয়ার একটা নিউজ দরকার। যখন জনতার ঢল নামেনি, তখন মরা গাঙে জোয়ার আনার জন্য কন্সপিরেসি করে একটা ঘটনা ঘটালেন।
ওবায়দুল কাদেরের সভাপতিত্বে যৌথ সভায় আওয়ামী লীগ নেতাদের মধ্যে ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, এ কে এম এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ড. আবদুস সোবহান গোলাপ, আব্দুস সবুর, দেলোয়ার হোসেন, সুজিত রায় নন্দী, হাছান মাহমুদ, হাবিবুর রহমান সিরাজ, ফরিদুন্নাহার লাইলী, ফজিলাতুন্নেসা ইন্দিরা, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন, আমিরুল ইসলাম মিলন, এস এম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান, দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।








