একনেকে ১৬৬৮ কোটি টাকার চার প্রকল্প অনুমোদন
প্রচ্ছদ » Uncategorized » একনেকে ১৬৬৮ কোটি টাকার চার প্রকল্প অনুমোদনপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: তিনটি নতুনসহ ১৬৬৮ কোটি টাকার চার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ৫২৪ কোটি ৭৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৪৩ কোটি ৫১ লাখ টাকা ব্যয় হবে।
বৈঠক শেষে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী এবং একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে শেরে বাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। গণভবনের থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে বৈঠকের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান করোনায় আক্রান্ত হওয়ায় একনেক সভায় অংশ নিতে পারেননি। ফলে একনেক পরবর্তী সংবাদ সম্মেলন করেন পরিকল্পনা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম।
সচিব আসাদুল ইসলাম জানান, অনুমোদিত চারটি প্রকল্পের মধ্যে তিনটি নতুন এবং একটি সংশোধিত প্রকল্প।
অনুমোদিত প্রকল্পগুলো হলো: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ‘যশোর, সৈয়দপুর ও শাহ মখদুম বিমানবন্দর, রাজশাহীর রানওয়ে সারফেসে অ্যাসফল্ট কংক্রিট ওভারলেকরণ’ প্রকল্প; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দু’টি প্রকল্প যথাক্রমে ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কদমরসুল অঞ্চলে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন’ প্রকল্প ও ‘মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত)’ প্রকল্প এবং কৃষি মন্ত্রণালয়ের ‘ভূ-উপরিস্থ পানি উন্নয়নের মাধ্যমে বৃহত্তর দিনাজপুর ও জয়পুরহাট জেলায় সেচ সম্প্রসারণ’ প্রকল্প।
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী সভার কার্যক্রমে অংশ নেন।
সভায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্যরা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২০ অক্টোবর , ২০২০।








