এজিএম পার্টির বিষয়ে ব্যবস্থা নেবে বিএসইসি
প্রচ্ছদ » Uncategorized » এজিএম পার্টির বিষয়ে ব্যবস্থা নেবে বিএসইসিনিজস্ব প্রতিবেদক : দিন দিন বেপরোয়া হয়ে ওঠা এজিএম পার্টির বিরুদ্ধে এবার কঠোরভাবে সোচ্চার হচ্ছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংস্থার চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন জানিয়েছেন, এজিএম পার্টির বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন।
আজ শনিবার ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশের (আইসিএসবি)- তে বিশ্ব বিনিয়োগ সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।
কিছু দালাল ও সুযোগসন্ধানী ব্যক্তি নামমাত্র কয়েকটি শেয়ার কিনে শেয়ারহোল্ডার সেজে বিভিন্ন কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অংশ নেয়। তাদের জন্য এজিএমে প্রকৃত বিনিয়োগকারীরা বক্তব্য রাখার সুযোগ পান না। তালিকাভুক্ত কোম্পানির স্বচ্ছতা, জবাবদিহীতার সবচেয়ে বড় জায়গা এজিএম হয়ে উঠে অর্থহীন।
তথাকথিত এমন বিনিয়োগকারীরা এজিএম পার্টি হিসেবে পরিচিত। দেশের পুঁজিবাজারে সক্রিয় আছে এদের বেশ কয়েকটি গ্রুপ।
এদের হাত থেকে প্রকৃত বিনিয়োগকারীদের রেহাই দিতে এবং পুঁজিবাজারকে এজিএম পার্টি মুক্ত করতে দেশের প্রথম বিজনেস নিউজপোর্টাল অর্থসূচক এ বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদন প্রকাশের পর কিছু ভুক্তভোগী চলতি বছরের শুরুর দিকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও বিএসইসি চেয়ারম্যানের কাছে সহায়তা চেয়ে চিঠি দেন।
ওই চিঠিতে তারা আভিযোগ করেন, শেয়ারহোল্ডার নামধারী এসব ব্যক্তি বিভিন্ন কোম্পানির বার্ষিক সাধারণ সভাকে (এজিএম) সামনে রেখে বেপরোয়া চাঁদাবাজি করে। চাঁদা না দিলে এজিএমে গণ্ডগোল করার ভয় দেখায়। দিন দিন এদের সংখ্যা ও দৌরাত্ম্য বাড়ছে। এদের কাছে কোম্পানিগুলো দিন দিন জিম্মি হয়ে পড়ছে।








