এমপি মাশরাফিকে জড়িয়ে ধরলেন বন্ধু আশরাফুল
প্রচ্ছদ » Uncategorized » এমপি মাশরাফিকে জড়িয়ে ধরলেন বন্ধু আশরাফুল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: তার সমসাময়িক, সম বয়সী, সহযোগী, এমনকি বয়সে ছোট ক্রিকেটারদের মধ্যে যাদের গাড়ি আছে, তারাও প্রায় সবাই গাড়ি ড্রাইভ করে, না হয় প্রাইভেটকারে চেপেই হোম অফ ক্রিকেট মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আসেন। ব্যতিক্রম শুধু একজন; মাশরাফি বিন মর্তুজা।
ঈদ-পার্বন আর জাতীয় দলের সাথে বিদেশ সফরে যাওয়ার সময় ছাড়া বছরে তিনি যে ক’দিন শেরে বাংলায় আসেন, সেটা গাড়িতে করে নয়, মোটরসাইকেলে চেপে। ভাববেন না, কারো পিছনে বসে। মাশরাফির অভিধানে কারো মোটরসাইকেলের পিছনে বসাবসি নাই বললেই চলে। তিনি শেরে বাংলা কেন, বিকেএসপিতে ক্লাব ক্রিকেটের ম্যাচও খেলতে যান মোটরসাইকেল চালিয়ে, উল্কার গতিতে।
কেউ কেউ হয়তো ফোড়ন কেটে বলবেন, থাকেন মিরপুরেই; পল্লবি সিটি ক্লাব লাগোয়া বাসা। ভৌগলিক দূরত্ব যেহেতু খুব কম, তাই মোটরসাইকেলে চেপেই শেরে বাংলায় চলে আসেন নড়াইল এক্সপ্রেস। শুধু শেরে বাংলার কথা বলা কেন, বিকেএসপিতে প্রতি বছর ৫-৭ বার ক্লাব ক্রিকেটের ম্যাচও খেলতে যান ওই মোটরসাইকেল চালিয়েই।
আসলে তা নয়। মোটরসাইকেল চালানো তার প্রিয় শখগুলোর একটি। তাই নড়াইল থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথম শেরে বাংলায় আসলেন সেই মোটরসাইকেল চালিয়েই। একদম আগের মতোই। এসেই এর-ওর সাথে করমর্দন, সৌজন্যতা বিনিময়, হাসি-ঠাট্টা, খুনসুটি আর সাংবাদিকদের সাথে ‘অফ দ্য রেকর্ডে’ পূর্বের সেই নির্মল আড্ডা- সবই চললো আগের মতোই।
এমপি মাশরাফি’ আজ দুপুরে আসছেন মিরপুর স্টেডিয়ামে- এ খবর আগেই চাউর হয়ে গিয়েছিল শেরে বাংলায়। তারও আগে ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর সিলেট সিক্সার্সের অনুশীলন চলছিল মিরপুর স্টেডিয়াম লাগোয়া একাডেমি মাঠে।
বেলা পৌনে দুইটার কয়েক মিনিট আগে শেরে বাংলায় বিসিবি একাডেমি মাঠের বারান্দা- করিডোর দিয়ে ঢুকতেই সংবাদকর্মী আর ফটো সাংবাদিক ও টিভির ক্যামেরার কেন্দ্রবিন্দুতে পরিণত হলেন মাশরাফি। তাকে প্রাণঢালা অভিনন্দন জানাতে, একটু শুভেচ্ছা বিনিময় করতে সবাই উন্মুখ হয়েই ছিলেন। ঠিক ফুলেল শুভেচ্ছায় সিক্ত না হলেও উপস্থিত ক্রিকেটার, কোচিং স্টাফ, বিসিবি স্টাফ, টিম বয়, বিপিএলের ফ্র্যাঞ্চাইজি বয় আর সাংবাদিক- সবার মধ্যমনি হয়েই থাকলেন মাশরাফি।
সবাইকে একটু-আধটু সময় দিয়ে আগের মত কথা-বার্তা বলে এক সময় একাডেমির জিমে গিয়ে ঢুকলেন বিপিএল চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স অধিনায়ক। সেখানে সচরাচর তিনি যে জিমওয়ার্কটি বেশি করেন, আজও তাই করলেন। উরুর এক্সারসাইজ করলেন। মেশিনে ওজন দেয়ার পর অনেকটা স্প্রিংয়ের মত একটা ধাতবদণ্ডকে পায়ে বার বার সামনে ঠেলা দেয়ার ফাঁকে ফাঁকে প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন সাংবাদিকদেরও সময় দিলেন। তাদের সাথেও অনেক বিষয় নিয়েই সব সময়ের মতো কথা বলে গেলেন মাশরাফি।
ঘড়ির কাঁটা দুপুর পৌনে তিনটা অতিক্রম করতে হঠাৎ জিমে দেখা মিললো মোহাম্মদ আশরাফুলের। না না!! জিমওয়ার্ক বা ওয়েট ট্রেনিং করতে নয়- আশরাফুল আসলেন প্রিয় বন্ধু ও দীর্ঘ দিনের সঙ্গী মাশরাফিকে অভিনন্দন জানাতে।
মাশরাফি তখন জিমনেশিয়ামে ভারি সাইকেলের মতো আসনে বসা। আশরাফুল সেখানে প্রবেশ করে কোন দিকে না তাকিয়ে একদম সোজা চলে গেলেন মাশরাফির কাছে। সেখানে গিয়েই এমপি মাশরাফিকে জড়িয়ে ধরলেন তিনি। ভালোবাসার উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ হলেন দুই বন্ধু।
মাশরাফিও বন্ধু আশরাফুলকে কাছে টেনে নিলেন। কেন নেবেন না? কত দিনের সম্পর্ক! সেই ২০০০ সালে প্রথমে অনূর্ধ্ব-১৭, এরপর ২০০১ সালে অনূর্ধ্ব-১৯ দলে এক সাথে খেলে জাতীয় দলে একযুগের বেশি সময় ধরে খেলা দুই বন্ধু তারা।








