কমনওয়েলথ গেমসে বাকির রৌপ্য এবং আমাদের বোধোদয়

প্রচ্ছদ » Uncategorized » কমনওয়েলথ গেমসে বাকির রৌপ্য এবং আমাদের বোধোদয়

shootingপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: এক যুগের বেশি সময় আগে, ভারতীয় প্রচার মাধ্যমে একটি নিরীক্ষা ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন ছাপা হয়েছিল, যার উপজীব্য ছিল, ক্রিকেটের প্রকান্ড ‘হা’ গ্রাস করে নিচ্ছে ভারতের অন্য খেলাধুলাকে। একই কথা বলার ও লিখার সময় চলে এসেছে আমাদের দেশেও। আমরা সবাই তেল মাথায় তেল দেবার মত ক্রিকেট নিয়েই মেতে আছি; কিন্তু দেশে যে আরও খেলা আছে, আরও ক্রীড়াবিদ আছেন, যারা সুযোগ পেলে অনেক বড় ও সোনালী সাফল্য বয়ে আনতে সক্ষম, তাদের দিকে যেন ফিরেও তাকাচ্ছি না।

যে সোনালি ও রুপালি সাফল্যে বাংলাদেশের ইমেজ হতে পারে আরও উজ্জ্বল। দেশ এক বড়-সড় সাফল্যে হতে পারে গর্বিত। যার সর্বশেষ উদাহরণ, পারেন আব্দুল্লাহ হেল বাকি। গাজীপুরের এ ২৮ বছরের সাহসী যুবা অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে পরপর দ্বিতীয়বার রৌপ্য পদক জিতে নিয়েছেন!

অল্পের জন্য স্বর্ণ হয়েছে হাতছাড়া। এ ইভেন্টে স্বর্ণ জেতা অসি শ্যুটার ড্যান স্যাম্পসনের স্কোর ২৪৫, আর বাকির স্কোর ২৪৪.৭। শেষ শটে বাকির স্কোর ছিল ৯.৭। সেটা ১০.১ হলেই হয়ে যেত। আসিফ হোসেনের পর আব্দুল্লাহ হেল বাকি হতে পারতেন কমনওয়েলথ গেমসে বাংলাদেশের দ্বিতীয় স্বর্ণজয়ী রাইফেল শ্যুটার।

১৬ বছর আগে (২০০২ সালে) ইংল্যান্ডের ম্যানচেস্টারে এই ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন তখনকার উদ্যমী তরুণ আসিফ। দেশ পেয়েছিল, বিশ্ব অলিম্পিকের পর দ্বিতীয় বৃহত্তম ক্রীড়া আসরে সোনালি সাফল্য। ৩০ বছর আগে যে কমনওয়েলথ গেমসে প্রথম স্বর্ণ জিতেছিলেন দুই দেশ বরেণ্য পিস্তল শ্যুটার আতিকুর রহমান ও আব্দুস সাত্তার নিনি।

মনের আয়নায় সেদিনের স্মৃতি এখনো জ্বলজ্বলে। দিন-ক্ষণ মনে নেই, তবে এত বছর পরও মনে আছে; ১৯৯০ সালের কোন এক দিনের ঘটনা। সেদিন ঢাকার প্রিমিয়ার ক্রিকেট লিগের খেলা চলছিল। একজন ক্রিকেট অন্তঃপ্রাণ অনুরাগি হিসেবে আমিও ছিলাম মাঠে। হঠাৎ মাইকে (এখনকার মত তখন স্টেডিয়ামে সাউন্ড বক্স সেট করা থাকতো না, শুধু আতিকুর রহমান আর আব্দুস সাত্তার নিনির কমনওয়েলথ গেমসে স্বর্ণ পদক জেতা উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাইক লাগানো হয়েছিল) ঘোষণা আসলো- আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের দুই পিস্তল শ্যুটার কমনওয়েলথ গেমসের এয়ার রাইফেলে স্বর্ণ পদক জিতেছেন।

শরীরে কেমন যেন বিদ্যুৎ চমকে গেলো। একটা অদ্ভুত পুলক অনুভব করলাম। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা দেখতে দেখতেই জানলাম, নিউজিল্যান্ডের অকল্যান্ডে কমনওয়েলথ গেমসে এয়ার পিস্তলে প্রথম স্বর্ণ জিতেছেন দুই দেশবরেণ্য পিস্তল শ্যুটার আতিকুর রহমান ও আব্দুস সাত্তার নিনি। তার আগে শুধু পত্রিকায় পড়তাম (তখন কোন ওয়েবসাইট ছিল না, ইন্টারনেটই ছিল না।) বিশ্ব অলিম্পিক, কমনওয়েলথ আর এশিয়ান গেমসের কথা।

ওই সব আসরে স্বর্ণ জয়ের কথা তখন ভাবাই যেত না। গোটা দেশে আনন্দের ফলগুধারা বয়ে গেল। একইভাবে ২০০২ সালে আসিফ হোসেনের স্বর্ণ বিজয়ের পরও গোটা জাতি খুশিতে আত্মহারা হয়ে পড়েছিল। আজও সে সাফল্যের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছিলো। অল্পের জন্য ধরা দিল না সে সাফল্যটি।

বাকি স্বর্ণ জিতলে দেশ পেত উৎসব-আনন্দের এক অন্যরকম উপলক্ষ্য। আজ গোটা দেশ বাকির সাফল্যে হতো মাতোয়ারা। তা হয়নি। তারপরও রৌপ্য পদক এসেছে। সেটাও কম নয়; অনেক। দুঃখজনক হলেও সত্য শ্যুটিং, সাঁতার কিংবা অন্য খেলায় এমন সাফল্য সে অর্থে তেমন সাড়া জায়গায় না। আজকাল শুধু ক্রিকেটের সাফল্যকেই কেউ কেউ ভাবেন জাতীয় সাফল্য। ক্রিকেটে একটি ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর গোটা দেশ আনন্দ-উল্লাসে মেতে ওঠে। অনেক বেশি হৈ চৈ হয়।

আইপিএলে মোস্তাফিজের একটি স্পেল কিংবা সাকিব আল হাসানের সাফল্য নিয়েও রাজ্যের কথা-বার্তা। আগেরদিন রাত থেকে শুরু হয়েছে। আজ সারা দিন মোস্তাফিজের বোলিং নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়। সে তুলনায় বাকির সাফল্য নিয়ে কথা-বার্তা অনেক কম। এটা শুধু দুঃখজনকই নয়। প্রকৃত ক্রীড়া বোধ-অনুভব কমতিরও লক্ষণ।

আগেই বলেছি, আবারো বলছি- আমরা জিম্বাবুয়ের মত অতি দুর্বল আর ক্রিকেট বিশ্বের তলানিতে থাকা দলের সাথে একটি ম্যাচ জয় কিংবা সিরিজ বিজয়ে উল্লাসে ফেটে পড়ি। ভুলে যাই কমনওয়েলথ গেমসে একটি রৌপ্য পদকের মূল্য তার চেয়ে কম নয়। অনেক বেশি। কারণ, কমনওয়েলথ গেমসে অংশ নেয় ৭০ থেকে ৮০টিরও বেশি দেশ (এবার ৭৭টি)। সেখান থেকে প্রথম কিংবা দ্বিতীয় হওয়া তো চাট্টিখানি কথা নয়!

বিশ্ব অলিম্পিক তো মহাযজ্ঞ। সেখানে একটি স্বর্ণ পদক মানে ওই ইভেন্ট বা ডিসিপ্লেনে বিশ্বসেরার স্বীকৃতি। আর কমনওয়েলথ আর এশিয়ান গেমসে স্বর্ণ-রৌপ্য পদক জয়ও অনেক বড় সাফল্য। শুধু ক্রিকেটে সিরিজ জিতলে আর একটি বড় দলকে হারানোর অর্জন ও কৃতিত্বর চেয়ে যা আরও বড়। তাতেও দেশের মান-মর্যাদা বাড়ে অনেক। ইমেজ হয় উজ্জ্বল।

বরং কমনয়েলথ গেমসের মত ক্রীড়াযজ্ঞে রুপালি সাফল্যর খবর বহির্বিশ্বে অনেক বেশি সমাদৃত হয়। অনেক বেশি সংখ্যক দেশ ও মানুষ জানে, কমনওয়েলথ গেমসে বাংলাদেশের একজন রৌপ্য পদক জিতেছে। সেটা তাই সন্দেহাতীতভাবেই অনেক বড় অর্জন। কৃতিত্ব।

অলিম্পিক, কমনওয়েলথ আর এশিয়ান গেমসে স্বর্ণ আর রৌপ্য পদক জেতাও যে অনেক বড় সাফল্য- এই বোধ-অনুভবটা জাগ্রত করতে হবে। তবেই অন্য খেলার ক্রীড়াবিদরাও প্রকৃত মূল্যায়ন পাবেন। ক্রিকেটের পাশাপাশি সম্ভাবনাময় খেলাগুলো সামাজিকভাবে আরও গুরুত্ব পাবে। শ্যুটিংও চলে আসবে পাদ-প্রদীপের আলোয়।

তখন একটা বোধ জন্মাবে, তাহলো- শুধু ক্রিকেটার হলেই বিশ্বজোড়া খ্যাতি বা পরিচিতি মিলে না। একজন শ্যুটারেরও বিশ্বজোড়া পরিচিতি থাকতে পারে। ভারতের নামী রাইফেল শ্যুটার অভিনব বিন্দ্রা আর বিশ্বসেরা দাবাড়ু বিশ্বনাথন আনান্দ, পাকিস্তানের জাহাঙ্গীর খান, জামশের খানের (স্কোয়াশে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন) নামডাকও কিন্তু অনেক।

ফুটবলের জনপ্রিয়তা আকাশছোঁয়া। ক্রিকেট যার ধারে কাছেও নেই। তাই ফুটবলকে উদাহরণ হিসেবে আনার প্রশ্নই আসে না। ক্রিকেট ছাড়াও অন্য অলিম্পিক ইভেন্টের ক্রীড়াবীদরাও যে বিশ্বে সাড়া ফেলতে পারেন, তাদেরও অন্যরকম পরিচিতি থাকতে পারে এবং সেটা ক্রিকেটারদের ছাপিয়েও।

আসুন একটি গল্প দিয়ে লেখাটা শেষ করি। লিখাটি ভারতের প্রসিদ্ধ ক্রীড়া লিখিয়ে, সাংবাদিক, ঔপন্যাসিক ও সাহিত্যিক রুপক সাহার। সম্ভবত ২০০০ সালে অলিম্পিক গেমস কভার করতে গিয়ে তিনি আনন্দ বাজার পত্রিকার ম্যাগাজিন আনন্দমেলায় লিখেছিলেন। তিনি এক চৈনিক তীরন্দাজকে জিজ্ঞেস করেছিলেন, ‘গাওস্করকে (আনন্দ বাজারে সুনিল গাভাস্কারের নাম এভাবেই লেখা হয়) চেনো? সেই তীরন্দাজ চোখ কপালে তুলে উত্তর দিল, সে আবার কে?

তারপর বলা হলো, আচ্ছা শচীন টেন্ডুলকারের নাম নিশ্চয়ই শুনেছো। চীনের ওই তীরন্দাজ এবারো অবাক-বিস্ময়ে জবাব দিলেন, ‘নাহ! ভাই শুনিনি। তিনি কে হে?’

সাথে সাথে তিনি ভারতের এক সম্ভাবনাময় তীরন্দাজের নাম নিতেই ওই চৈনিক তীরন্দাজ বলে উঠলেন, হ্যাঁ তাকে তো চিনি। সে খুবই সম্ভাবনাময়। হয়ত ভবিষ্যতে বিশ্ব চ্যাম্পিয়নও হতে পারে। রুপক সাহা লিখলেন, ‘জানলুম, বুঝলুম ক্রিকেটের ভূবন কত ছোট্ট!’

এ গল্পটির সারমর্ম অনেক বড়। ক্রিকেট খেলা হয় বিশ্বের হাতে গোনা কিছু দেশে; কিন্তু শ্যুটিং, আর্চারি, সাঁতার, অ্যাথলেটিক্স, দাবার চর্চা হয় সারা বিশ্বে। এসব খেলায় যারা বিশ্ব জয়ী, তাদের সারা বিশ্ব চেনে-জানে। তাই অভিনব বিন্দ্রা আর বিশ্বনাথন আনন্দকেও বিশ্ব চেনে। জানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০