কাশিমপুর কারাগারে হত্যা মামলার আসামির ফাঁসি কার্যকর
প্রচ্ছদ » Uncategorized » কাশিমপুর কারাগারে হত্যা মামলার আসামির ফাঁসি কার্যকরপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : গাজীপুরের কাশিমপুর কারাগারে ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই বছর বয়সী সন্তানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি আব্দুল গফুরের (৪৭) মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ তার মৃত্যুদণ্ড কার্যকর করে কারা কর্তৃপক্ষ। আব্দুল গফুর লক্ষ্মীপুরের রামগতি থানার দক্ষিণ চরলরেঞ্জ এলাকার মৃত শামসুল হকের ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম, সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান, আইনশৃংখলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই বছর বয়সী শিশুকন্যা হত্যার ঘটনায় ২০০৬ সালের ৮ অক্টোবর আব্দুল গফুরের বিরুদ্ধে লক্ষ্মীপুরের রামগতি থানায় মামলা হয়। মামলায় ২০০৮ সালের ২৮ এপ্রিল লক্ষ্মীপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। পরে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করলেও তা খারিজ করে দেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আদালতের নির্দেশে গতরাতে রায় কার্যকর করে কাশিমপুর কারা কর্তৃপক্ষ।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২রা নভেম্বর, ২০২০।








