কুষ্টিয়ায় বিষপানে কলেজছাত্রীর আত্মহত্যা
প্রচ্ছদ » Uncategorized » কুষ্টিয়ায় বিষপানে কলেজছাত্রীর আত্মহত্যা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: কুষ্টিয়ায় এইচএসসির টেস্ট পরীক্ষায় ফেল করায় নুপুর বিশ্বাস মায়া (১৭) নামে এক কলেজছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার দোয়ারকাদাস আগরওয়াল মহিলা কলেজের অধ্যক্ষের কক্ষে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই ছাত্রী। তবে বিষপানের আগে বাড়িতে একটি চিরকুট লিখে যায় নুপুর। চিরকুটটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত নুপুর বিশ্বাস মায়া সদর উপজেলা হরিনারায়ণপুর এলাকার মাছ ব্যবসায়ী বাবুল হোসেনের মেয়ে।
নুপুর চিরকুটে লিখে গেছে, ‘আব্বু-আম্মু আমায় ক্ষমা করে দিও। আমি কখনও চাই না আমার জন্য তোমরা কষ্ট পাও। আমি ভালোভাবে পড়াশোনা করতে চেয়েছিলাম, অনেক স্বপ্ন ছিল আমার। আমি জানি আমাকে নিয়েও অনেক স্বপ্ন ছিল তোমাদের। আমি যে তোমাদের একমাত্র মেয়ে। আমি পৃথিবী থেকে চলে গেলাম। আমায় ক্ষমা করো। আর আমার জন্য একটুও কষ্ট পাবে না। আমি চাই আমার মরাটা যেন স্বাভাবিকভাবে মাটি দেয়া হয়। আত্মহত্যা করলে পুলিশ আসে, তারা যা সব করে আমার যেন না করা হয়। এভাবে মরে গেলে তো কোথায় যেন পাঠায় লাশ কাটার জন্য। ওটাতে আমার খুব ভয় লাগে।
আমাকে স্বাভাবিকভাবেই মাটি দিও। পুলিশরা যেন অন্য সবার মতো আমার লাশকে কষ্ট না দেয়, আমায় যেন স্পর্শ না করে। আমায় ভালোভাবে মাটি দিও। ও আম্মু, আমার যে মরে যাওয়ার পর অনেক ভয় লাগবে, আমাকে তো কবরে জায়গা দেবে না, আমার যে খুব কষ্ট হবে। ক্ষমা করে দিও। কলেজের স্যাররা চাইলে হয়তো আমার ভবিষ্যৎ নষ্ট হতো না।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফ বলেন, মৃত্যুর আগে নুপুর একটি পত্র লিখে যায়। কারও কোনো অভিযোগ ছিল না। জেলা প্রশাসকের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সম্মতিতে তার মরদেহ দাফন করা হয়েছে।








