খালেদার ২ মামলার অভিযোগ গঠনের শুনানি ৯ জানুয়ারি
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » খালেদার ২ মামলার অভিযোগ গঠনের শুনানি ৯ জানুয়ারি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: যুদ্ধাপরাধীদের মদত দেওয়া ও মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালনের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নূর আসামির সময়ের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।
এর আগে গত ৩১ জুলাই এ দুই মামলায় ঢাকা মহানগর দায়রা জজ থেকে জামিন পেলেও অন্য মামলায় কারাগারে রয়েছেন বলে আদালতকে জানিয়ে অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য ৯ জানুয়ারি ধার্য করেন।
প্রসঙ্গত, যুদ্ধাপরাধীদের মদত দেওয়ার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকার মহানগর হাকিম আদালতে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
অন্যদিকে, মিথ্যা তথ্য দিয়ে ভুয়া জন্মদিন পালনের অভিযোগ তুলে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ২০১৬ সালের ৩০ আগস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করেন।








