খিলক্ষেতে বাসের ধাক্কায় পাঠাও চালক নিহত
প্রচ্ছদ » Breaking News || Slider || আইপিও » খিলক্ষেতে বাসের ধাক্কায় পাঠাও চালক নিহত
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানীর খিলক্ষেত থানাধীন হোটেল লা মেরিডিয়ানের সামনের সড়কে বাসের ধাক্কায় আব্দুল মজিদ (৩০) নামে এক পাঠাও চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন পাঠাও যাত্রী সুমি আক্তার (৩০)।
মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আব্দুল মজিদকে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব হোসেন রাজীব জানান, পাঠাও চালক মজিদ যাত্রী নিয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। পথে খিলক্ষেত লা মেরিডিয়ান হোটেলের সামনে গাজীপুর পরিবহনের একটি বাস পেছন থেকে তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা দুজন গুরুতর আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মজিদকে মৃত ঘোষণা করেন। সুমিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সুমি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।
বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
নিহতের ভায়রা রবি মিয়া জানান, মজিদের গ্রামের বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার দেলোয়ার হোসেন মণ্ডলের ছেলে। সাভারে বসবাস করতেন।
আহত নারীর ভাই বিল্লাল হোসেন জানান, ডিওএসএইচ এলাকায় গৃহকর্মী হিসেবে কাজ করতো সুমি। ঢাকা মেডিকেলের ২০৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন সে।








