গ্যাসের দাম কম ছিল বলেই বেড়েছে: অর্থমন্ত্রী
প্রচ্ছদ » Uncategorized » গ্যাসের দাম কম ছিল বলেই বেড়েছে: অর্থমন্ত্রীপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : গ্যাসের দাম আগে কম ছিল বলেই সরকার নতুন করে গ্যাসের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত কার্যকর করেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শুক্রবার সিলেট সার্কিট হাউসে সিলেট সিটি করপোরেশনের শিক্ষা ও পরিবেশ উন্নয়নে গৃহীত প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ এবং ভারত সরকারের মধ্যে প্রায় ২৫ কোটি টাকার একটি অনুদান চুক্তি সই এর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
উল্লেখ, গতকাল বৃহস্পতিবার গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ঘোষণা অনুযায়ী, মার্চ থেকে এক চুলার গ্যাসের জন্য খরচ করতে হবে ৭৫০ টাকা, এটা জুনে বেড়ে গিয়ে দাঁড়াবে ৯০০ টাকায়। আর মার্চ থেকে দুই চুলার গ্যাসের জন্য খরচ যাবে ৮০০ টাকা, যা জুনে গিয়ে বেড়ে হবে ৯৫০ টাকা।
বর্তমানে প্রতি চুলা গ্যাসের দাম রাখা হচ্ছে ৬০০ টাকা, আর দুই চুলার জন্য নেওয়া হচ্ছে ৬৫০ টাকা।
এদিকে সিলেট সিটি করপোরেশনের শিক্ষা ও পরিবেশ উন্নয়নে গৃহীত প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ এবং ভারত সরকারের মধ্যে প্রায় ২৫ কোটি টাকার একটি অনুদান চুক্তি সই অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থিতিতে বাংলাদেশের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমিনুল হক এবং ভারত সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব উপস্থিত ছিলেন।
উন্নয়ন প্রকল্পগুলো হলো একটি কিন্ডারগার্টেন স্কুল নির্মাণ, একটি ক্লিনিক নির্মাণ ও ধোপাদীঘির পাড়ে ওয়াকওয়ে নির্মাণ।








