চট্টগ্রামবাসী সত্যিকারের বড় মাপের মানুষ : মাহবুবুর রহমান
প্রচ্ছদ » Uncategorized » চট্টগ্রামবাসী সত্যিকারের বড় মাপের মানুষ : মাহবুবুর রহমান
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সদ্যবিদায়ী কমিশনার মাহবুবুর রহমান বলেছেন, চট্টগ্রাম নগরবাসী সত্যিকারের বড় মাপের মানুষ। সত্যিকার অর্থে চট্টগ্রাম শহর যেমন বিশাল, চট্টগ্রামের অবয়ব যেমন বিশাল, এখানকার মানুষের মন-মানসিকতাও তেমন বিশাল। চট্টগ্রামে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। আপনারা সবাই আমাকে সহায়তা করেছেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ।
শনিবার (৫ সেপ্টেম্বর) নগরীর কোতোয়ালি থানায় ‘অ্যাম্বুলেন্স সেবা’ চালু অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পুলিশ কমিশনার বলেন, আমরা স্বীকার করি বা না করি, সাধারণ মানুষের সঙ্গে পুলিশের একটি দূরত্ব আছে আবহমানকাল থেকে। জন্ম থেকে বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে পুলিশ সম্পর্কে নেতিবাচক যে ধারণা তৈরি হয়ে আছে, এ ধারণা থেকে জনসাধারণকে বের করে আনার লক্ষ্যে বিভিন্ন সেবামূলক কার্যক্রম হতে নিয়েছি। কাজ করতে গিয়ে সারাদেশে অনেক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আমি নিজেও আক্রান্ত হয়েছিলাম। আল্লাহর রহমতে আমরা বেশিরভাগ সদস্যই সুস্থ হয়েছি।
সাংবাদিকদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আমি জানি না ভবিষ্যৎ সিএমপি কমিশনার কীভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। প্রতিদিন সকালে আমি লোকাল পত্রিকা পড়ি। আমার অফিসে তিনটা পত্রিকা রাখা হয়। আমি সম্পৃক্ত থাকতাম অনলাইন নিউজের সাথেও। তাৎক্ষণিকভাবে সব খবর পেয়ে যেতাম। গণমাধ্যমের তথ্যগুলোর সত্যতা যাচাই করে ব্যবস্থা নিতাম।’
‘আমি ৮০ থেকে ৮৫ শতাংশ সাংবাদিকের ফোন রিসিভ করতাম। কখনো কখনো ৯৫ শতাংশ ফোন রিসিভ করতাম। আবার অনেক ক্ষেত্রে কল রিসিভ করতে না পারলে পরে ফোন ব্যাক করতাম। অনেক সময় ফোন রিসিভ না করলে সাংবাদিকরা সঠিক তথ্য পাবেন না এবং সঠিক তথ্য না পেলে গুজব ছড়াবে। এই আশঙ্কা থেকে আমি ফোনগুলো রিসিভ করতাম’— বলেন কমিশনার মাহবুবুর রহমান।
তিনি আরও বলেন, আমার ধারণা, সবার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। কারও কারও সাথে হয়তো ফিজিক্যালি দেখা হয়নি। কিন্তু আমি বিশ্বাস করি, আমি আপনাদের কাছাকাছি পৌঁছাতে পেরেছি। এই শান্তিটুকু নিয়ে যাচ্ছি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার (অর্থ ও প্রশাসন) আমেনা বেগম, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোস্তাক আহমেদ খান, অতিরিক্তি কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-কমিশনার (সদর) আমির জাফর, উপ-কমিশনার ট্রাফিক (উত্তর) মিলন মাহমুদ, উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক, অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আব্দুর রউফ, সিনিয়র সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) নোবেল চাকমা প্রমুখ।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৫ সেপ্টেম্বর , ২০২০।








