এন্টিবায়োটিক উৎপাদন করতে জেএমআই’র সাথে ইন্দোবাংলা’র চুক্তি
প্রচ্ছদ » বিনোদন » এন্টিবায়োটিক উৎপাদন করতে জেএমআই’র সাথে ইন্দোবাংলা’র চুক্তি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এন্টিবায়োটিক ওষুধ উৎপাদন ও বিপণনে জন্য সম্প্রতি নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেডের সঙ্গে একটি চুক্তি সম্পাদন করেছে।
কোম্পানির নিজস্ব প্ল্যান্টে এই মুহূর্তে এ ধরনের সুবিধা না থাকায় তারা অন্য একটি ওষুধ কোম্পানির প্ল্যান্টে তা উৎপাদন করবে (Contract Manufacturing)। এ লক্ষ্যে বৃহস্পতিবার ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ ওই চুক্তিটি অনুমোদন করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, নিপ্রো জেএমআই ফার্মার প্ল্যান্টে ইন্দো-বাংলা এন্টিবায়োটিক ওষুধের পাশাপাশি সেফালোস্ফরিন ও পেনিসিলিন জাতীয় ওষুধ উৎপাদন করবে।
কোম্পানিটির ভাষ্য ওষুধের বর্ধিত চাহিদা পূরণ করার লক্ষ্যে তারা এই চুক্তিভিত্তিক উৎপাদনে যাচ্ছে। তবে বছরে কী পরিমাণ ওষুধ উৎপাদন করা হবে, কারখানা ব্যবহারের জন্য নিপ্রো ফার্মাকে কী পরিমাণ ভাড়া দিতে হবে তা জানা যায়নি।
এদিকে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শেয়ারের মূল্যের দিক থেকে দ্বতীয় সর্বোচ্চ অবস্থানে ছিল ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস। এদিন ডিএসইতে কোম্পানিটির ১৫ কোটি টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে।
বুধবার লেনদেনের পরিমাণ ছিল ১০ কোটি ৪১ লাখ টাকা। আজ লেনদেন বৃদ্ধির পাশাপাশি ইন্দো-বাংলার শেয়ারের দামও বেড়েছে। ডিএসইতে শেয়ারটির দাম ২ দশমিক ৫৭ শতাংশ বেড়ে ২৭ টাকা ২০ পয়সা থেকে বেড়ে ২৮ টাকা হয়েছে।








