জাপা নেতা গোলাম আযমের মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি চুন্নুর
প্রচ্ছদ » Uncategorized » জাপা নেতা গোলাম আযমের মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি চুন্নুরপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পঞ্চগড় উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী গোলাম আযমের (৫৫) মৃত্যুর তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
রোববার (৬ মার্চ) এক বিবৃতিতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন জাপা মহাসচিব।
মুজিবুল হক চুন্নু বলেন, জাপা নেতা গোলাম আযমকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সভ্য সমাজে এমন হত্যাযজ্ঞ মেনে নেওয়া যায় না। গোলাম আযমের মৃত্যুর সুষ্ঠু তদন্ত হোক এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
বিবৃতিতে গোলাম আযমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকাহত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান মুজিবুল হক চুন্নু।
এর আগে শনিবার (৫ মার্চ) রাত ১০টার দিকে নিজবাড়ির শয়নকক্ষ থেকে ব্যবসায়ী গোলাম আযমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, তাকে মাথায় আঘাত করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে, এ ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিক জানাতে পারেনি তারা। তবে গোলাম আযমের পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আসামি শনাক্তের জন্য পুলিশের বিশেষায়িত ইউনিট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনসহ (পিবিআই) বেশ কয়েকটি ইউনিট কাজ করছে।
এ বিষয়ে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম বলেন, সবকিছু দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। এ ঘটনায় পরিবারের সদস্যসহ নিহতের সঙ্গে সম্পর্কযুক্ত সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০৬ মার্চ , ২০২২।








