টুকটুক’ বলে সাংবাদিকের খোঁচা, মোক্ষম জবাব মিসবাহর
প্রচ্ছদ » Uncategorized » টুকটুক’ বলে সাংবাদিকের খোঁচা, মোক্ষম জবাব মিসবাহর
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ক্রিকেট ক্যারিয়ারে প্রায় পুরোটা সময়েই নিজের ধীরগতির ব্যাটিংয়ের জন্য আলোচিত-সমালোচিত ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হক। টেস্ট ক্রিকেট তো বটেই প্রায়শই সীমিত ওভারের ফরম্যাটেও ঢিমেতালে ব্যাটিং করতেন মিসবাহ। যে কারণে তাকে ডাকা হতো ‘টুকটুক মিসবাহ’ নামে।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েও এই নাম থেকে মুক্তি পাচ্ছেন না মিসবাহ। এমনকি পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ ও প্রধান নির্বাচকের মতো গুরুত্বপূর্ণ দুইটি দায়িত্ব পালনরত অবস্থায়ও তাকে খোঁচা শুনতে হচ্ছে ‘টুকটুক’ বিষয়ে। তবে এর বিপরীতে অবশ্য ছেড়ে দেননি মিসবাহ, দিয়েছেন দারুণ জবাব।
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের সিরিজসহ সামনের ব্যস্ত সূচির জন্য ঘরোয়া টুর্নামেন্ট কায়েদে আজম ট্রফিতে বিশেষ গুরুত্বারোপ করেছিলেন পাকিস্তানের নতুন কোচ মিসবাহ। যেখানে দুই রাউন্ডে ১৮টি সেঞ্চুরি করেছেন ব্যাটসম্যানরা। সে তুলনায় বোলাররা ছিলো বেশ পিছিয়ে। ইনিংসে পাঁচ উইকেটের দেখা মিলেছে মাত্র ৩ বার।
বোলারদের বিপরীতে ব্যাটসম্যানদের দুর্দান্ত পারফরম্যান্সের পরেও যেনো সমালোচকদের মুখ বন্ধ করা সম্ভব হয়নি। তাই তো কায়েদে আজম ট্রফিতে খেলোয়াড়দের পারফরম্যান্সের ব্যাপারে কথা বলতে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আপত্তিকর প্রশ্নই শুনতে হয় মিসবাহকে।
টুর্নামেন্টে এখনও পর্যন্ত হওয়া ১৮ সেঞ্চুরির মধ্যে একটি করেছেন সিন্ধের ওপেনার খুররাম মঞ্জুর। বেলুচিস্তানের বিপক্ষে ১০৫ রানের ইনিংস খেলার পথে খুররাম খেলেন ২৩৫ বল। সেই কথা মনে করিয়ে দিয়ে মিসবাহর ‘টুকটুক’ স্বত্তার প্রতি ইঙ্গিত দিয়ে খোঁচা দেন এক সাংবাদিক।
ভরা মজলিসে উপস্থিত সকলের সামনে খানিক ব্যাঙ্গাত্মক ভঙ্গিতেই সেই সাংবাদিক নিজের প্রশ্নে বলেন, ‘আমরা দেখেছি অনেক রান হয়েছে। তবে সেখানে বেশিরভাগ ব্যাটসম্যানই টুকটুক করেন বেশি, মারমুখী খেলেন কম। একজন সেঞ্চুরি করতে খেললেন ২৩৫ বল, আরেকজন আবার এর চেয়ে বেশি বলে। আপনিও যখন ব্যাটিং করতেন, তখন লোকমুখে প্রচলিত হয়ে গেছিল যে আপনি টুকটুক বেশি করেন, মারমুখী ব্যাটিং করেন কম। এখন ব্যাটিং কোচ হিসেবেও কি আপনি খেলোয়াড়দের অনুমতি দেবেন যে, ওরা মারমুখী না খেলে টুকটুক বেশি করুক?’
এতবার করে টুকটুক বলায় মেজাজ হারানোই স্বাভাবিক ছিলো মিসবাহর জন্য। তবে তিনি শান্ত থেকেই দারুণ এক জবাবে বলেন, ‘আমার মনে হচ্ছে, প্রশ্নটায় টুকটুক শব্দেই বেশি জোর দিচ্ছেন আপনি। মনে হচ্ছে, আপনি আজকে গাড়ি পাননি। অথবা কেউ হয়তো শিখিয়ে পাঠিয়েছে, যাও গিয়ে কোচের মাথা গরম করে দিয়ে আসো।’
মিসবাহর এ উত্তরে হাসির রোল ওঠে সংবাদ সম্মেলনে। তবে সেই সাংবাদিককে সমালোচনা করতে ছাড়েননি কেউ। একজন পেশাদার সাংবাদিক হয়ে এমন প্রশ্ন করায় তার সমালোচনা করছেন পাকিস্তানের ক্রীড়া ব্যক্তিত্বরা।








