পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ অষ্টমবারের মতো শুরু হচ্ছে বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)। ট্যুর অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর আয়োজনে এ মেলা ২১ এপ্রিল পর্যন্ত চলবে।
সকালে ১০টায় মেলা উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিমান ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও ড. মোহাম্মদ নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, মেলায় ১০টি প্যাভিলিয়ন, ১৮টি মিনি প্যাভিলিয়নসহ ১৬০টি স্টল থাকবে। মেলায় ভুটান, নেপাল, থাইল্যান্ড, চীন, কম্বোডিয়া, শ্রীলংকা, মালদ্বীপ, ভিয়েতনাম, দুবাই ও ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, কাশ্মির, ত্রিপুরা অংশগ্রহণ করছে বলে আয়োজকরা নিশ্চিত করছেন।
মেলায় বাংলাদেশের পর্যটন সম্ভাবনা, ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধ ও বিটুবি নিয়ে একাধিক সেশন থাকছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এ মেলা সবার জন্য উন্মুক্ত।








