ডাকসু নির্বাচন আরেক ‘জাতীয় নির্বাচন’: ঐক্যফ্রন্ট
প্রচ্ছদ » রাজনীতি » ডাকসু নির্বাচন আরেক ‘জাতীয় নির্বাচন’: ঐক্যফ্রন্ট
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ডাকসু নির্বাচনকে আরেক ‘জাতীয় নির্বাচন’ বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ডাকসু ইস্যুতে ছাত্রদের দাবিকে সমর্থন জানাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট।
আজ সোমবার ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন।
ঐক্যফ্রন্টের মুখপাত্র বলেন, ডাকসু নির্বাচন নিয়ে সবার মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছিল। রাজনীতিতে নতুন একটি সম্ভাবনা তৈরি হয়। তবে এই নির্বাচন জাতীয় নির্বাচনের মতোই হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হলো দেশের সব নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে।
মির্জা ফখরুল বলেন, গতকাল উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদে দেশের মানুষ ভোট দেয়নি। নীরব প্রতিবাদ করেছে।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আগে তাকে বিএসএমএমইউ’তে এনে চিকিৎসা শেষ না করেই কারাগারে ফিরিয়ে নেয়া হয়। তিনি আবার অসুস্থ হয়েছেন। তিনি (খালেদা) ও আমরা মনে করি তাকে অবিলম্বে নিজ ইচ্ছামতো চিকিৎসা দেয়া হোক। আইনগতভাবে তিনি জামিন পাওয়ার যোগ্য। আমরা তার মুক্তি চাই।
জাতীয় সংসদে শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করা ঐক্যফ্রন্টের এমপি সুলতান মোহাম্মদ মনসুরের বিষয়ে ফখরুল বলেন, ঐক্যফ্রন্ট ও গণফোরামের দলীয় সিদ্ধান্তের বাইরে সুলতান মনসুর শপথ নিয়ে তথাকথিত সংসদে বসেছেন। তিনি জাতির সাথে প্রতারণা করেছেন। তার তথাকথিত সংসদে যাওয়ার ঘটনাতে ঐক্যফ্রন্ট নিন্দা জানায়। তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে। তবে তিনি যেহেতু দল থেকে বহিষ্কৃত তাই সংসদ সদস্য হতে পারেন না।








