ডিএসইতে বাড়ছে মোবাইলে লেনদেন
প্রচ্ছদ » Uncategorized » ডিএসইতে বাড়ছে মোবাইলে লেনদেন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে দেশের পুঁজিবাজারও।এর ধারাবাহিকতায় মোবাইল লেনদেন চালু করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। যা ক্রমেই বিনিয়োগকারীদের নিকট জনপ্রিয় হয়ে উঠেছে। এর মাধ্যমে বাড়ছে লেনদেনের পরিমাণ।
তথ্যমতে, ২০১৮ সালের শেষ দিকে মোবাইল ব্যবহার করে লেনদেন করে এমন বিনিয়োগকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৩৪৩ জন। আলোচ্য সময়ে মোবাইলের মাধ্যমে ৫৪ লাখ ৭১ হাজার ৮৩৫টি আদেশ দেয়া হয়। এর মধ্যে ৩৭ লাখ ২৬ হাজার ৪৫৪টি আদেশ কার্যকর হয়৷
এর আগে ২০১৬ সালে ৯ মার্চ পুঁজিবাজারে চালু হয় ডিএসই-মোবাইল অ্যাপ। এরপর থেকে ধীরে ধীরে বাড়তে থাকে অ্যাপটির ব্যবহার। গত দুই বছরে ক্রমেই বাড়ছে ব্যবহারকারীর সংখ্যা।
ডিএসই-মোবাইল অ্যাপ ব্যবহার করে একজন বিনিয়োগকারী ব্রোকারেজ হাউজে না গিয়েই শেয়ার লেনদেন করতে পারেন। এতে লেনদেন একধাপ সহজ হয়েছে। ফলে বিনিয়োগকারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে মোবাইলে লেনদেন।








