তথ্য না দেওয়ায় নেত্রকোনার চার কর্মকর্তাকে জরিমানা
প্রচ্ছদ » Uncategorized » তথ্য না দেওয়ায় নেত্রকোনার চার কর্মকর্তাকে জরিমানানিজস্ব প্রতিবেদক : তথ্য চেয়ে না পাওয়ায় তথ্য অধিকার আইনে দায়েরকৃত চারটি পৃথক অভিযোগের ভিত্তিতে নেত্রকোনার চার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) ১০ হাজার টাকা জরিমানা করেছে তথ্য কমিশন।
মঙ্গলবার কমিশনের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
তথ্যমূল্য পরিশোধ করার পরও পুরোপুরি তথ্য না দেওয়া এবং ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করায় নেত্রকোনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমানরকে ৫ হাজার টাকা জরিমানা এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সুপারিশ করা হয়েছে। পূর্ণাঙ্গ তথ্য না দেওয়ায় দুর্গাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকাররম হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা এবং ক্ষতিপূরণ হিসেবে ১ হাজার ২০০ টাকা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া যথাযথভাবে নিয়ম মেনে তথ্য প্রদান না করায় বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে ১ হাজার টাকা এবং আপিল নির্দেশনা থাকা সত্ত্বেও নিয়ম মেনে তথ্য প্রদান না করায় মদন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুর রহমানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তথ্য অধিকার আইনে আজ নয়টি অভিযোগের শুনানি শেষে সাতটি অভিযোগের নিষ্পত্তি করা হয় এবং দুটি অভিযোগের পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়।








