দুদকের রিভিউ পিটিশন বেআইনি: রিজভী
প্রচ্ছদ » Uncategorized » দুদকের রিভিউ পিটিশন বেআইনি: রিজভী
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বিএনপি চেয়ারপর্সন খালেদা জিয়ার সাজা বৃদ্ধির জন্য দুদক কর্তৃক রিভিউ পিটিশন দাখিল বেআইনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, খালেদা জিয়ার সাজা বৃদ্ধির জন্য দুদক কর্তৃক রিভিউ পিটিশন দাখিল সম্পূর্ণরূপে বেআইনি। কেননা এটি দুদকের আইনে নেই।
তিনি বলেন, উচ্চ আদালতের বিচারকদ্বয় এ বিষয়ে সংশয় প্রকাশ করেছেন। উচ্চ আদালতের বিচারপতিদ্বয় বলেছেন, বিষয়টি আইনে আছে কী না সেটির ব্যাখ্যা প্রয়োজন। তারা বলেন, যেহেতু উভয়পক্ষই বিষয়টি নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করছেন সেহেতু ব্যাপারটির ব্যাখ্যা প্রয়োজন।
রিজভী মনে করেন, দুদক রিভিউ পিটিশনটি স্বপ্রণোদিত হয়ে করেনি বরং সরকারের নির্দেশেই দুদক এটি করেছে। খালেদা জিয়াকে হয়রানি করাই হলো মূল উদ্দেশ্য। দুদক কর্তৃক এই রিভিউ পিটিশন দাখিল সম্পূর্ণরূপে হীন রাজনৈতিক ও উদ্দেশ্যমূলক।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শওকত মাহমুদ, নিতাই রায় চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।








