দুর্নীতির দায়ে পদ হারালেন মার্কেন্টাইল ব্যাংক পরিচালক শহীদুল
প্রচ্ছদ » Uncategorized » দুর্নীতির দায়ে পদ হারালেন মার্কেন্টাইল ব্যাংক পরিচালক শহীদুল
নিজস্ব প্রতিবেদক: এনঅারবি কমার্শিয়াল ব্যাংকে আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত থাকায় মার্কেন্টাইল ব্যাংকের পরিচালকের পদ হারালেন ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শহীদুল আহসান।
বাংলাদেশ ব্যাংক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, এনআরবি কমার্শিয়াল ব্যাংকে সংগঠিত আর্থিক অনিয়ম ও নিয়মবহির্ভূত কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার আভিযোগ থাকায় শহীদুল আহসানের নিয়োগের বিষয়ে আপত্তি জানায় বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান শহীদুল আহসানের পরিচালকের পদের মেয়াদ শেষ হওয়ায় ব্যাংকের ১৮তম বার্ষিক সাধারণ সভায় তাকে পুনরায় পরিচালক হিসেবে নির্বাচিত করা হয়। পরিচালক নিয়োগের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি চেয়ে গত ৫ ফেব্রুয়ারি আবেদনও করা হয় ব্যাংকের পক্ষ থেকে।
এ প্রেক্ষিতে গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিয়ে জানায় শহীদুল আহসানের নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত দেয়া যাচ্ছে না। কারণ হিসেবে এনআরবি কমার্শিয়াল ব্যাংকে সংগঠিত আর্থিক অনিয়ম ও নিয়মবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগের বিষয়টি উল্লেখ করে নিয়ন্ত্রক সংস্থাটি। ওইদিনই চিঠিটি গ্রহণ করে মার্কেন্টাইল ব্যাংক এবং ব্যাংকটির ওয়েবসাইটে পরিচালকদের তালিকা থেকে শহীদুল আহসানের নাম মুছে ফেলা হয়।
এদিকে পরিচালক পদ হারালেও গত শুক্রবার ও রোববার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) পক্ষে অথর্মন্ত্রী ও গভর্নরের সঙ্গে বৈঠকে শহীদুল আহসানকে অংশ নিতে দেখা গেছে।
পরিচালক পদ হারানোর বিষয়টি নিশ্চিত করে মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান এ কে এম সাহিদ সোমবার বলেন, ‘তাকে (শহিদুল আহসান) পরিচালক পদে রাখতে কেন্দ্রীয় ব্যাংক অনুমোদন দেয়নি। এ কারণে তিনি আর মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক থাকছেন না।’
কেন্দ্রীয় ব্যাংকের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘ব্যাংকের ১৮তম বার্ষিক সাধারণ সভায় নির্বাচিত পরিচালক এ এস এম ফিরোজ আলম এবং মোশাররফ হোসেনকে পরিচালক নিযুক্তিতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন দেয়া হলো। এ ছাড়া এনআরবি কমার্শিয়াল ব্যাংকে সংঘটিত আর্থিক ও নিয়মবহির্ভূত কর্মকাণ্ডের সঙ্গে শহীদুল আহসানের সংশ্লিষ্টতার অভিযোগ থাকায় এ পর্যায়ে তার নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত দেয়া গেলো না।’
গত বৃহস্পতিবার চিঠি পাওয়ার পরপরই ব্যাংকের ওয়েবসাইট থেকে শহীদুল আহসানের নাম সরিয়ে ফেলে মার্কেন্টাইল ব্যাংক। ব্যাংক কোম্পানি আইনের ১৫ (৪) ধারা অনুযায়ী, বিশেষায়িত ব্যাংক ছাড়া অন্য যেকোনো ব্যাংকের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত বা পদায়নের আগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হয়।
এনআরবি কমার্শিয়াল ব্যাংকের বিভিন্ন অনিয়মের পরিপ্রেক্ষিতে গত বছরের ৬ ডিসেম্বর ব্যাংকটির এমডি দেওয়ান মুজিবর রহমানকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। এরপর ১০ ডিসেম্বর ব্যাংকটির প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ফরাছত আলী মিয়া দায়িত্ব থেকে সরে দাঁড়ান। ওইদিন ব্যাংকটির বিভিন্ন পদে আরও পরিবর্তন আসে।
এর আগে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান ও এমডিকে দেয়া নোটিশে কেন্দ্রীয় ব্যাংক ওই দুইজনের অপাসারণের ১০টি কারণ তুলে ধরেছিল। বাংলাদেশ ব্যাংকের নোটিশ অনুযায়ী ১০টি কারণের মধ্যে ৭টির সঙ্গেই শহীদুল আহসান জড়িত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র দেবাশিস চক্রবর্তী জাগো নিউজকে বলেন, তাকে সরিয়ে দেয়া হয়েছে বিষয়টি সঠিক নয়। তার নিয়োগে অনাপত্তি দেয়া হয়নি।








