দেশে মাগুরা মার্কা’ভোট যেন না হয় : প্রধানমন্ত্রী
প্রচ্ছদ » জাতীয় » দেশে মাগুরা মার্কা’ভোট যেন না হয় : প্রধানমন্ত্রী
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে বিএনপির ‘মাগুরা মার্কা’ভোট যেন না হয়, সেদিকে সবাইকে দৃষ্টি দিতে হবে। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সব দলের জন্যই প্রযোজ্য। তিনি বলেন, এই নির্বাচনগুলোতে হারলেই যে আওয়ামী লীগের সিট চলে যাবে, ক্ষমতা হারাবে কিংবা ইজ্জত চলে যাবে- সেটি নয়। জিততে গিয়ে যেন আমাদের কোনো বদনাম না হয়।
শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করার সময় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের উপ-নির্বাচন এবং বিভিন্ন উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে হার-জিত থাকতে পারে। এবারের বিশ্বকাপ ফুটবল খেলায়ও দেখতে পাচ্ছেন, যারা জেতার কথা তারা জিতছে না, গোলই দিতে পারে না। এটা রাজনীতিতেও হতে পারে। তবে আওয়ামী লীগ সরকার নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিয়ে নির্বাচন পদ্ধতিতে শৃঙ্খলা এনেছে। আমরা চাই না কোনো নির্বাচন ‘মাগুরা মার্কা’ হোক, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচনের মতো হোক।
তিনি বলেন, বর্তমান সরকারের আমলে অনুষ্ঠিত ছয় হাজারের বেশি নির্বাচনের মধ্যে কোনোটির বিরুদ্ধে বিএনপি অভিযোগ দাঁড় করাতে পারেনি। সরকার ‘মাগুরা মার্কা ‘ নির্বাচন করতে চায় না। নির্বাচন বানচাল ও সরকার পতন আন্দোলনের নামে ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস-নৈরাজ্য ও ধ্বংসযজ্ঞ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন ঠেকাতে তারা (বিএনপি-জামায়াত) ২০১৪ সালে মানুষ ও শিক্ষাপ্রতিষ্ঠান পুড়িয়েছে। ২০১৫ সালেও তারা আন্দোলনের নামে মানুষ হত্যা করেছে। আন্দোলনের নামে মানুষ খুন করে তারা সম্পদ ধ্বংস করেছে। তারা জঙ্গিবাদ সৃষ্টি করেছে। আমরা চাই না, সেই পরিবেশ আর থাকুক। আমরা বাংলাদেশকে শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।
বিভিন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের পক্ষে এক হয়ে কাজ করার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, সব নেতাকর্মী যে যেখানে আছেন, কেন্দ্র যে সিদ্ধান্ত নিয়েছে- তা মেনে সবাই এক হয়ে কাজ করবেন। সবাইকে মানুষের কাছে যেতে হবে। সরকারের উন্নয়নের কথা বলতে হবে। কেন্দ্রের সিদ্ধান্ত অমান্য করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।








