দেশে সন্ত্রাস-দুর্নীতি বিএনপির সৃষ্টি : হাছান মাহমুদ
প্রচ্ছদ » Uncategorized » দেশে সন্ত্রাস-দুর্নীতি বিএনপির সৃষ্টি : হাছান মাহমুদ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, দেশে সন্ত্রাস-দুর্নীতি বিএনপির সৃষ্টি। বিএনপি ক্ষমতায় থাকার সময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস-দুর্নীতি করেছে।
রোববার (১ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে দলের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার দুই পুত্রের দুনীতির তথ্য প্রমাণিত হয়েছে। দুর্নীতির দায়ে খালেদা জিয়া ও তারেক রহমান সাজাপ্রাপ্ত আসামি।
তিনি বলেন, বিএনপির শাসনামলে তাণ্ডব চালিয়ে আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া, আহসান উল্লাহ মাস্টারসহ সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করা হয়। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে আইভী রহমানসহ ২৪ জন নেতাকর্মী হত্যা করা হয়।








