দ্রুত মামলা নিষ্পত্তিতে ট্রাইব্যুনাল গঠনের তাগিদ
প্রচ্ছদ » Uncategorized » দ্রুত মামলা নিষ্পত্তিতে ট্রাইব্যুনাল গঠনের তাগিদ
নিজস্ব প্রতিবেদক: যেখানে মাদক, সেখানে অবৈধ টাকা ও অস্ত্র থাকে। সেখানে অভিযান চালাতে গেলে ফায়ারিং তো হবেই’- এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার রাজধানীর বিআইআইএসএস (বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ) অডিটোরিয়ামে ‘মাদকবিরোধী অভিযান ও সামাজিক দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
আলোচনায় সমাজের বিভিন্ন পেশার বক্তারা চলমান মাদকবিরোধী অভিযান ও বন্দুকযুদ্ধের পক্ষে-বিপক্ষে যুক্তি তুলে ধরেন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযান শুরুর পর অনেকে আমাকে ফোন করে প্রশংসা করেছেন। একজন স্ত্রী তার স্বামীকে ক্রসফায়ারে দেয়ার আহ্বানও জানান। তবে এ অভিযানে শুধু যে বন্দুকযুদ্ধ হচ্ছে তা নয়। আমাদের কারাগারের ধারণক্ষমতা ৩৫ হাজার। বর্তমানে সেখানে ৮৬ হাজার ৩৩৯ বন্দী রয়েছেন, যার ৩৯% মাদকের সঙ্গে জড়িত। অভিযানে অনেককে গ্রেফতার করে মামলা ও সাজা দেয়া হচ্ছে।
কাউকে হত্যার উদ্দেশ্য নয়, বিএনপিকে কোণঠাসা করাও উদ্দেশ্য নয়; দেশ, মেধা ও তরুণ সমাজকে বাঁচাতে এই অভিযান’- মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সভায় উপস্থিত মেজর (অব.) মো. আখতারুজ্জামান বলেন, মাদক ব্যবসায়ীরা মানুষ নয়, তাদের বেঁচে থাকার অধিকার নেই। আমি মাদকবিরোধী এ অভিযানকে (বন্দুকযুদ্ধ) স্বাগত জানাই। বাংলাদেশে যাকেই জিজ্ঞাসা করেন, সেই বলছে অভিযান ভালো হচ্ছে। মাদক ব্যবসায়ীদের ধরলে তাদের বিরুদ্ধে সাক্ষী পাওয়া যায় না, কেউ সাহায্য করে না, তাহলে তাদের বিচার কীভাবে হবে?
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আমার একটাই অনুরোধ, যে সব পুলিশ এ অভিযানগুলো পরিচালনা করছেন সরকার যেন তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে।
সংসদ সদস্য নূরজাহান বেগম মুক্তা বলেন, ‘এ সরকার গলায় কিছু রাখে না, সবসময় ঝেড়ে কাশি দেয়। মাদক ব্যবসায়ী সংসদের ভেতরে-বাইরে যেখানেই থাকুক তাকে ধরা হবেই। এর দৃষ্টান্ত আপনারা ইতোমধ্যে দেখেছেন। টাঙ্গাইলের রানা ও লতিফ সিদ্দিকী সংসদ সদস্য হয়েও বিচারের মুখোমুখি হয়েছেন। আমাদের অপেক্ষা করতে হবে, রাঘববোয়াল থেকে শুরু করে চুনোপুঁটি সবাই আইনের আওতায় আসবে।’
ইয়াবার আমদানি রুখতে নাফ নদে মাছ ধরা বন্ধের পরামর্শ দেন তিনি। বন্দুকযুদ্ধে নিহত হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘আসামি যখন পুলিশকে মারে পুলিশ তখন কী করবে, পুলিশ তো দেশের নাগরিক, তাদেরও তো বাঁচাতে হবে।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ড. এম এনামুল হক বলেন, মাদক নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদের সমাধান ভাবতে হবে। প্রয়োজনে সময় নিন, ট্রাইব্যুনাল গঠন করে মামলার দ্রুত নিষ্পত্তি করুন। একতরফাভাবে বন্দুকযুদ্ধের ঘটনা না ঘটিয়ে তাদের সুযোগ দিতে হবে। দেশে আইনের অভাব নেই, কিন্তু এর প্রয়োগও নেই। শুধু অভিযান চালালেই হবে না, মূল্যায়ন করতে হবে অভিযান কেমন হলো।
বিশিষ্ট মনোবিজ্ঞানী অধ্যাপক মেহতাব খানম বলেন, মাদকের বিরুদ্ধে ঘর থেকে সচেতনতা শুরু করতে হবে। আমাদের পিতা-মাতাদের শিক্ষিত হতে হবে। একজন সন্তানকে জন্ম দেয়ার আগে তাদের সন্তান লালনপালনের জ্ঞান নেয়া উচিত। আমাদের শিক্ষা ব্যবস্থায়ও পরিবর্তন আনতে হবে।








