পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : মনতাজুর রহমান আকবর পরিচালিত নতুন ছবি ‘সরি’র শুটিং শুরু হয়েছে আজ। ঢাকার হাতিরঝিল এলাকায় ছবির শুটিং চলছে। ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করছেন শাহরিয়াজ ও শিরিন শিলা। এর আগে ‘মন নিয়ে লুকোচুরি’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন তাঁরা দুজন।
নতুন ছবি নিয়ে আশাবাদী পরিচালক মনতাজুর রহমান আকবর। তিনি বলেন, “প্রতিদিন পথ চলতে গিয়ে একে অপরকে আমরা প্রায় ‘সরি’ বলি। শব্দটা ছোট হলেও এর আবেদন অনেক বেশি। গুরুত্বও অনেক বেশি। শাহরিয়াজ ও শিরিন শিলার দুজনের ছবি আমি দেখেছি। তাদের কাজ ভালো লেগেছে। এই জুটিকে নতুন করে দর্শকদের মাঝে উপস্থাপন করতে আমি চেষ্টা করব। ছবির গল্পেও অনেক চমক আছে। আশা করি, ছবিটি সবার ভালো লাগবে।
ছবির নায়িকা শিরিন শিলা বলেন, ছবিতে দেখে আমাকে মনে হবে আমি উগ্র মেজাজের একটি মেয়ে। কিন্তু একটা সময় বোঝা যাবে আমারও সবার মতো একটা মন আছে। আমিও সাধারণ একটি মেয়ে। এভাবে এগিয়ে যাবে ছবির গল্প। এর বেশি বলতে চাই না। মনে হচ্ছে, ছবিটি সবার ভালো লাগবে।
শিলা আরো বলেন, মনতাজুর রহমান আকবর স্যারের সাথে আমি প্রথম কাজ করছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। তিনি অনেক সিনিয়র পরিচালক। এই কাজের মাধ্যমে ওনার কাছে নতুন কিছু শিখতে পারব।








