নির্বাচন প্রশ্নবিদ্ধ করাই ঐক্যফ্রন্টের লক্ষ্য
প্রচ্ছদ » Uncategorized » নির্বাচন প্রশ্নবিদ্ধ করাই ঐক্যফ্রন্টের লক্ষ্য
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করাই ঐক্যফ্রন্টের লক্ষ্য বলে অভিযোগ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।
শনিবার রাজধানীর পল্টনে মণি সিংহ-ফরহাদ ট্রাস্ট্রের শহীদ মনির আজাদ সেমিনার হলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্টি মনোনীত প্রার্থীদের ব্রিফিং সভায় এমন অভিযোগ করেন তিনি।
মেনন বলেন, ‘তারা ভালোভাবেই জানে যে তাদের সাত দফা পূরণ হওয়ার নয়। তারপরও এ নিয়ে তারা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। এ বিভ্রান্তিকে মোকাবেলা করেই নির্বাচনকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে হবে।’
তিনি বলেন, ‘দুভার্গ্যক্রমে নির্বাচন বর্তমানে টাকার খেলায় পরিণত হয়েছে। সঙ্গে যুক্ত হয়েছে প্রশাসন ও পেশী শক্তির প্রভাব। ফলে ভোট প্রদানের অধিকার ও নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় রয়েছে। নির্বাচন কমিশনকে নির্বাচনে টাকার প্রভাব, প্রশাসন ও পেশী শক্তির নিয়ন্ত্রণের ব্যাপারে জনমনে সৃষ্ট এ সংশয় দূর করতে দৃঢ় ও যথাবিহিত পদক্ষেপ নিতে হবে। না হলে নির্বাচনবিরোধী শক্তির হাতই শক্তিশালী হবে।’
সভার শুরুতে পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ১৪ দলসহ নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সবাইকে অবহিত করেন।
বাদশা বলেন, ‘ওয়ার্কার্স পার্টি ১৪ দলগতভাবে নির্বাচনে অংশ নেবে। পাশাপাশি দলগতভাবে নির্বাচনের সব প্রস্তুতি থাকবে।’ তিনি নির্বাচনে সরকারের দশ বছরে উন্নয়ন কার্যক্রমসহ জনগণের বিভন্ন অংশের পক্ষে গৃহীত ব্যবস্থাদি জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানান।
সভায় সূচনা বক্তব্য দেন- পার্টির পলিটব্যুরোর সদস্য ও পার্লামেন্টারি বোর্ডের সদস্য সচিব আনিসুর রহমান মল্লিক, পার্লামেন্টারি বোর্ডের কমরেড কামরূল আহসান।
সভায় পার্টির পলিটব্যুরোর সদস্য সুশান্ত দাস পোলিং এজেন্ট নির্দেশিকার পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।
উপস্থিত ছিলেন নুর আহমদ বকুল, ইকবাল কবির জাহিদ, আমিনুল ইসলাম গোলাপ, হাজি বশিরুল আলম, শেখ হাফিজুর রহমান, ইব্রাহিম খলিল, রফিকুল ইসলাম পিয়ারুল, সিরাজুল ইসলাম শেখ, অ্যাডভোকেট নজরুল ইসলাম, আব্দুল মজিদ, মোস্তফা আলমগীর রতন, ইয়াসিন আলী, টিপু সুলতান, অ্যাডভোকেট আবু হানিফ, গৌরাঙ্গ প্রসাদ রায় প্রমুখ।








