পারকী সৈকত রক্ষায় উদ্যোগ নেই, উজাড় হচ্ছে ঝাউবন
প্রচ্ছদ » Uncategorized » পারকী সৈকত রক্ষায় উদ্যোগ নেই, উজাড় হচ্ছে ঝাউবন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক :কারো কাছে মিনি কক্সবাজার, আবার কারো কাছে প্রকৃতির রূপসী কন্যা নামে পরিচিত চট্টগ্রামের আনোয়ারা পারকী সমুদ্র সৈকত। চট্টগ্রামের ভ্রমণ পিপাসুদের কাছে এটি ঝাউ বাগান নামেও পরিচিত। কিন্তু সুরক্ষায় উদ্যোগ না থাকায় সাম্প্রতিক সময়ে এই গুরুত্বপূর্ণ পর্যটন এলাকাটি ধ্বংস হতে চলেছে। পারকী হারাচ্ছে তার চির চেনা রূপ।
স্থানীয়রা বলছেন, প্রশাসন ও পর্যটকদের অবহেলা, সমুদ্র থেকে অবৈধভাবে বালু উত্তোলন, সৈকতে যত্রতত্র দোকানপাট গড়ে ওঠাসহ নানা কারণে পরিবেশ দূষণ হচ্ছে ব্যাপক হারে। দূষণের ঝুঁকিতে পড়ে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাগর পাড়ের উদ্ভিদ ও সাগরের জীব বৈচিত্র্য ।
সম্প্রতি পারকী সৈকতে সরেজমিনে ঘুরে দেখা যায়, যে ঝাউ গাছগুলোকে কেন্দ্র করে এই সৈকত গড়ে উঠেছে সেই ঝাউ গাছগুলোই অস্তিত্ব হারিয়ে বিলীনের পথে। সৈকতের দক্ষিণ অংশের অধিকাংশ ঝাউ গাছ শিকড় থেকে মাটি হারিয়ে হেলে পড়ছে। এক সময় সৈকতে বালিতে হাঁটা দুষ্কর ছিল, এখন সেই সৈকতে কাদা মাটি ছাড়া বালির লেশমাত্র দেখা যায় না।
মূলত, কোনো ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা না করে সৈকত থেকে ও সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে চিহ্নিত একটি মহল। এছাড়াও সরকারি কোনো পরিকল্পনা ছাড়া যত্রতত্র গড়ে উঠছে হোটেল রেস্টুরেন্ট। পর্যটকদের জন্য নেই কোনো সরকারি নির্দেশনা ও পর্যাপ্ত ব্যবস্থাপনা।
বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটির (বাপউস) সভাপতি একে এম আবু ইউছুফ বলেন, ‘প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা পর্যটন এলাকাগুলো আমাদের সম্পদ। এর ব্যবহারে আমাদের সর্বোচ্চ সচেতন হতে হবে। কোনোভাবে যাতে পরিবেশ দূষণ না হয় সে ব্যাপারে পর্যটকদের সতর্ক থাকতে হবে। অন্যথায় পরিবেশ দূষণের ফলে প্রাকৃতিক পরিবেশ বিপর্যস্ত হবে। ফলে উপকূলীয় এলাকার অবহাওয়ার বিরূপ আচরণ ও জলবায়ু পরিবর্তনে মারাত্মক প্রভাব ফেলবে।’
এলাকাবাসীর অভিযোগ, চট্টগ্রাম জেলার গুরুত্বপূর্ণ এই পর্যটন এলাকা সুরক্ষার দায়িত্ব উপজলা নির্বাহী কর্মকর্তার হলেও প্রশাসনের কর্তা-ব্যক্তিরা পারকী সৈকত সুরক্ষায় কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছেন না। জরুরি ভিত্তিতে সৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং ঝাউ গাছগুলোর সংরক্ষণের দায়িত্ব না নিলে উপকূলীয় এলাকা ও সৈকত বিপণ্ন হতে পারে।
তবে পারকী পর্যটন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ যোবায়ের আহমেদ বলেন, ‘আমরা পর্যটন এলাকার পরিবেশ ঠিক রাখতে কাজ করে যাচ্ছি। এছাড়াও পারকীর পরিবেশ ও উন্নয়নের জন্য বিচ কমিটি ও সহযোগী বিভাগ কাজ করে থাকে। এই জন্য আমরা কিছু মেগা প্রকল্প হাতে নিয়েছি।’
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৬ই নভেম্বর, ২০২০।








