পুঁজিবাজার থেকে ১২৫ কোটি টাকা সংগ্রহে মীর আখতার হোসেন লিমিটেডের রোড শো
প্রচ্ছদ » Uncategorized » পুঁজিবাজার থেকে ১২৫ কোটি টাকা সংগ্রহে মীর আখতার হোসেন লিমিটেডের রোড শো
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে ১২৫ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে দেশের প্রকৌশল খাতের অন্যতম বড় কোম্পানি মীর আখতার হোসেন লিমিটেড।
গতকাল বুধবার (১৭ অক্টোবর) রাতে রাজধানীর প্যান প্রাসিফিক সোনারগাঁও হোটেলে এ লক্ষ্যে রোড শো সম্পন্ন করেছে কোম্পানিটি।
রোড শো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করেন মীর আখতার হোসেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর নাসির হোসেন।
রোড শো’তে কোম্পানিটিতে বিনিয়োগের জন্য বিনিয়োগকারীদের আহবান জানানো হয়।
কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১২৫ কোটি টাকা সংগ্রহ করবে। উত্তোলিত টাকা কোম্পানির হেভি ইক্যুইপমেন্ট, হেড অফিস বিল্ডিং,কনক্রিট বেচিং প্লান্ট, ওয়্যারহাউজ ও ওয়ার্কশপ এবং আইপিও খাতে ব্যয় করা হবে। এক্ষেত্রে হেভি ইক্যুইপমেন্ট খাতে ৪৯ কোটি, হেড অফিস বিল্ডিং খাতে ১২ কোটি ,কনক্রিট বেচিং প্লান্ট খাতে ১০ কোটি , ওয়্যারহাউজ ও ওয়ার্কশপ খাতে ১০ কোটি ৫০ লাখ এবং আইপিও খাতে ৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয় করবে।
৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরে মীর আখতার হোসেন লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.১৯ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১০ কোটি। দেশের নিমার্ণ খাতে শক্তিশালী অবস্থানে থাকলেও ১০০ কোটি টাকা পরিশোধিত মূলধনের বিপরীতে কোম্পানিটির ঋণের পরিমাণ ৬৬০ কোটি টাকা।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মীর নাসির হোসেন বলেন, যুগ যুগ ধরে দেশে ব্যবসা করে আসছে মীর আক্তার হোসেন লিমিটেড। প্রতিষ্ঠানটি অবকাঠামো নির্মাণে দেশে অদ্বিতীয়।
তিনি বলেন, দেশে অবকাঠামো খাতের সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে মীর আক্তার হোসেন লিমিটেড কাজে লাগাতে চায়। এ মাধ্যমে দেশের অর্থনীতিতে আরও বেশি অবদান রাখা সম্ভব হবে। আর অতীতেও দেশের অর্থনীতিতে অবদান রেখেছে প্রতিষ্ঠানটি।
তিনি আরও বলেন, মীর আক্তার হোসেন লিমিটেড শতভাগ করপোরেট প্রতিষ্ঠান, একই সঙ্গে কোম্পানিটিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বিদ্যমান।
কোম্পানিটিকে পুঁজিবাজারে আনতে ইস্যু ম্যানেজার হিসেবে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড কাজ করছে। আর রেজিষ্টার টু দ্য ইস্যুজ হিসেবে কাজ করছে সিটিজেন ইনভেস্টমেন্টস লিমিটেড।








