পেকুয়ায় অটোরিকশা উল্টে শিশু নিহত
প্রচ্ছদ » Uncategorized » পেকুয়ায় অটোরিকশা উল্টে শিশু নিহত
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: কক্সবাজারের পেকুয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে মো. সামির নামের এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন তার ভাই মো. আবিদ (২) ও মা শাহেদা বেগম (৩২)।
গতকাল বুধবার রাতে উপজেলার মগনামা ইউনিয়নের বাইন্যাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পেকুয়া বাজার থেকে দুই শিশুকে নিয়ে ব্যাটার চালিত অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন শাহেদা বেগম। তিনি বাইন্যাঘোনা এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে দুই শিশুসহ গুরুতর আহত হন শাহেদা।
আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় আহত সামিরের অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে নেওয়ার পথে মারা যায় সামির।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ঘাতক অটোরিকশাটি আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।








