প্রতিযোগিতায় টিকতে প্রযুক্তির আপগ্রেডেশন গুরুত্বপূর্ণ
প্রচ্ছদ » Uncategorized » প্রতিযোগিতায় টিকতে প্রযুক্তির আপগ্রেডেশন গুরুত্বপূর্ণপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেছেন, বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রযুক্তির আপগ্রেডেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোববার (১৪ নভেম্বর) ‘এআই অ্যান্ড রোবোটিকস: গ্লোবাল ইমপ্লিকেশন অব আর্টিফিসিয়াল ইনটেললিজেন্স’ শীর্ষক ওয়েবিনারে তিনি এ কথা বলেন।
ওয়েবিনারটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলনের (ডব্লিউসিআইটি ২০২১) অংশ হিসেবে আয়োজিত হয়। ১১ থেকে ১৪ নভেম্বর অনুষ্ঠিত এই সম্মেলনে ৭৫টির অধিক দেশের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।
বিজিএমইএ সভাপতি বলেন, বর্তমান সময়ে উৎপাদনশীলতা ও মান বাড়ানোর ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি, সরঞ্জাম এবং সফটওয়্যারের ব্যবহার একটি মুখ্য ভূমিকা পালন করছে।
ফারুক হাসান বলেন, প্রযুক্তিগত উদ্ভাবন শুধুমাত্র যে শিল্পের প্রতিযোগী সক্ষমতা বাড়ানোর জন্য অপরিহার্য তা নয়, বরং ব্যবসাকে টেকসই করার জন্যও এটি অপরিহার্য। পানি, জ্বালানি এবং অন্যান্য সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করতে প্রযুক্তির কোনো বিকল্প নেই। সাসটেইনিবিলিটি এবং ডিজিটাইলেজেশন একটি আরেকটির সঙ্গে যুক্ত। এটা ব্যাপকভাবে একে অপরের পরিপূরক।
তিনি অভিমত প্রকাশ করে বলেন, অটোমেশন ও প্রযুক্তি আপগ্রেডেশন কর্মসংস্থান ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলবে না। কারণ, একটি পোশাক তৈরি করতে যে প্রক্রিয়াগুলোর প্রয়োজন হয়, সেগুলো মেশিন দ্বারা প্রতিস্থাপন করা যেতে পারে না। বরং এটিকে আমরা একটি সুযোগ হিসেবে দেখছি। কারণ, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যদি আমরা দক্ষতার উন্নয়ন ঘটাতে পারি, ব্যয় কমিয়ে প্রতিযোগী সক্ষমতা বাড়াতে পারি ও লিড টাইম কমাতে সক্ষম হই, তাহলে নিশ্চিতভাবেই আমাদের ব্যবসা বাড়বে। যার অর্থই হচ্ছে অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বিজিএমইএ সভাপতি আরও বলেন, আমাদের উচিত নতুন প্রজন্মের প্রযুক্তি পরিচালনার জন্য শ্রমিক-কর্মচারীদের সঠিক দক্ষতাসম্পন্ন প্রশিক্ষণ প্রদান করা। কর্মীদের দক্ষতা ঘাটতি পূরণ করে ও দক্ষতার উন্নয়ন ঘটানোর মাধ্যমে চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করে শিল্পকে আরও এগিয়ে নিতে হবে। এতে করে শিল্প আরও প্রতিযোগী হবে এবং শিল্পে মানসম্পন্ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
আলোচনায় অন্যান্য প্যানেলিস্টদের মধ্যে ছিলেন গ্রেম্যাটার রোবোটিকস ইনকর্পোরেটের কো-ফাউন্ডার ও সিইও আরিয়ান এম কবির, জাপান হোসেই ইউনিভার্সিটির প্রফেসর ড. জেনসি ক্যাপি এবং উইরোবোটিকসের কো-ফাউন্ডার ড. প্যাট্রিক মেইয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস অ্যান্ড মেকাট্রোনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. লাফিফা জামাল সেশনটি সঞ্চালনা করেন।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৬ নভেম্বর , ২০২১।








