প্রাইভেটকারে যাত্রীর পাশাপাশি মাদক পরিবহন করতেন আওয়াল
প্রচ্ছদ » Uncategorized » প্রাইভেটকারে যাত্রীর পাশাপাশি মাদক পরিবহন করতেন আওয়াল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানীর বনানী থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৬০ বোতল বিদেশি মদ ও ৩৮৪ ক্যান বিয়ারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশের এলিট ফোর্স র্যাব। আটক মাদক ব্যবসায়ীর নাম আওয়াল চৌকিদার (২৮)। তিনি মাদারীপুর সদরের জাফরাবাদের আবু তাহের চৌকিদারের ছেলে।
চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় র্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে বিয়ার ও ফেনসিডিলসহ আটক করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
র্যাব-১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল সারওয়ার-বিন-কাশেম বলেন, রাজধানীর বনানী এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রির উদ্দেশে অবস্থান করছে -এমন তথ্যের ভিত্তিতে রাজধানীর বনানী থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে রাস্তার ওপর অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত প্রাইভেকটকার তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ৬০ বোতল বিদেশি মদ ও ৩৮৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আওয়াল জানায়, সে পেশায় প্রাইভেটকার চালক। ৮-১০ বছর ধরে রাজধানীতে ভাড়ায় প্রাইভেটকার চালান তিনি। প্রাইভেটকার চালানোর পাশাপাশি সে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। রাজধানীর এক মাদক ব্যবসায়ীর মাধ্যমে মাদক ব্যবসা শুরু করে বলে জানায় সে।
সারওয়ার-বিন-কাশেম বলেন, সে প্রাইভেটকারে যাত্রী পরিবহনের পাশাপাশি গোপনে মাদক পরিবহন করতো বলে প্রাথমিকভাবে স্বীকার করে। পরে প্রাইভেটকার দিয়ে মাদক পরিবহনে মাদক ব্যবসায়ীরা তাকে ১০ হাজার টাকা করে দিত বলে স্বীকার করে।
উদ্ধার মাদকদ্রব্য এবং আটক আওয়ালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।








