বন্যহাতি হত্যার অভিযোগে ২ ব্যক্তি জেলে
প্রচ্ছদ » Uncategorized » বন্যহাতি হত্যার অভিযোগে ২ ব্যক্তি জেলেপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে বন্যহাতি হত্যার ঘটনায় দায়ের করা প্রথম মামলায় দুইজনকে কারাগারে পাঠিয়েছেন শেরপুরের বন আদালত।
রোববার (২ জানুয়ারি) দুপুরে বন আদালতে দুই আসামি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন- আমেজ উদ্দিন ও মো. শাহজালাল। মামলার পলাতক চার আসামির মধ্যে সমেজ উদ্দিন ও মো. আশরফুল এখনও পলাতক রয়েছেন।
রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত বছরের ৯ নভেম্বর শেরপুরের শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ে বিদ্যুতের লাইনের সঙ্গে সংযুক্ত জিআই তারে জড়িয়ে একটি বন্যহাতির মৃত্যু হয়। প্রাথমিকভাবে বিদ্যুতায়িত হয়ে হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম এ ঘটনায় প্রথমে শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ১১ নভেম্বর বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এ চারজনের নামে মামলা করেন।
গারো পাহাড়ে হাতি হত্যায় এটিই প্রথম মামলা। মামলার পরিপ্রেক্ষিতে আমেজ উদ্দিন ও মো. শাহজালাল রোববার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে তাদের জেলহাজতে পাঠান। পরিবেশবাদী সংগঠন সবুজায়ন শেরপুর ও সবুজ আন্দোলনের শেরপুর জেলার আহ্বায়ক মো. মেরাজ উদ্দিন বলেন, দুজনকে জেলে পাঠানোয় আমরা সন্তুষ্ট হয়েছি। আমরা বাকি আসামিদেরও আইনের আওতায় আনার দাবি জানাই।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০৩ জানুয়ারী , ২০২২।








