বাঘায় দুই ভুয়া বিদ্যুৎ কর্মকর্তা আটক
প্রচ্ছদ » Uncategorized » বাঘায় দুই ভুয়া বিদ্যুৎ কর্মকর্তা আটক
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘায় বিদ্যুৎ কর্মকর্তার মিথ্যা পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বাউসা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-নাটোরের লালপুর উপজেলার উত্তর লালপুরের মজিবুর রহমানের ছেলে হাসিবুল রহমান (৪৮) ও রামানন্দপুর এলাকার আফজাল মণ্ডলের ছেলে আরিফুল মণ্ডল (৫০)।
স্থানীয়রা জানান, আটককৃত দুই প্রতারক পল্লী বিদ্যুৎ কর্মকর্তার ভুয়া পরিচয়ে ডিজিটাল মিটার ও অ্যানার্জি বাল্ব দেয়ার নামে ৯৮ জন গ্রাহকের কাছে থেকে প্রায় এক লাখ টাকা হাতিয়ে নেন। গত তিন মাস ধরে বাঘা উপজেলার বাউসা, দিঘা, খাগড়বাড়ি এলাকায় এ কার্যক্রম চালাচ্ছিলেন তারা।
সর্বশেষ শনিবার দুপুরে ওই এলাকায় গেলে তাদের বাউসা ইউনিয়ন পরিষদে আটকে রাখে স্থানীয়রা। পরে পুলিশ এসে তাদের নিজ হেফাজতে নেয়।
উপজেলার খাগড়বাড়িয়া গ্রামের বিদ্যুৎ গ্রাহক নজিম উদ্দিন বলেন, ডিজিটাল মিটার দেয়ার নামে তার কাছ থেকে এক হাজার ২০০ টাকা নেন ওই দু’জন। প্রায় ১৫ দিন পেরিয়ে গেলেও মিটার না দিয়ে টালবাহানা শুরু করেন। এ ছাড়া তারা অ্যানার্জি বাল্ব দিলেও পরে তা খুলে নিয়ে যান। তাই প্রতারণা টের পেয়ে তাদের আটক করে পুলিশে দেয়া হয়েছে।
বাঘা থানার উপ-পুলিশ পরিদর্শক মুনসুর রহমান বলেন আটককৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।








