বিজেপিকে উড়িয়ে দিল্লির মসনদে কেজরিওয়াল
প্রচ্ছদ » Breaking News || Slider || সারাদেশ » বিজেপিকে উড়িয়ে দিল্লির মসনদে কেজরিওয়াল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: টানা তৃতীয় মেয়াদে দিল্লির মসনদে বসতে যাচ্ছেন আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল। গত দুইবারের মতো এবারও হেসেখেলে জয় পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। বুথফেরত জরিপগুলোও এএপির জয়ের আভাসই দিচ্ছিল। তবে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) উড়িয়ে এত বড় ব্যবধানে জয়ের মুকুট আবারও তাদের মাথায় উঠবে এতটা বোঝা যায়নি।
দিল্লির বিধানসভার মোট আসন ৭০টি। এর মধ্যে এএপির দখলে এসেছে ৬২টি আসন। বিজেপির আটটি। আর গতবারের মতো এবারও হিসাবের খাতাই খুলতে পারেনি ভারতের গ্র্যান্ড ওল্ড পার্টি হিসেবে পরিচিত কংগ্রেস।
এরই মধ্যে ফলাফল মেনে নিয়ে এএপিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাগত জানিয়েছে তাঁর দলও। আর কেজরিওয়াল বলেছেন, ‘গত পাঁচ বছরের কাজ দেখেই তাদের ভোট দিয়েছে মানুষ। এর মধ্য দিয়ে নতুন রাজনৈতিক যুগের সূচনা হলো।’ তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা নিয়ে চলার প্রত্যাশা ব্যক্ত করেন।
গত ৮ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভার নির্বাচনের ভোটগ্রহণ হয়। এক কোটি ৪৬ লাখ ৯২ হাজার ১৩৬ ভোটারের এ নির্বাচনে ভোট পড়েছিল ৬২.৫৯ শতাংশ। ভোটাররা সাধারণ ৫৮টি ও তফসিলভুক্ত জাতির ১২টি আসনের বিধায়ক বাছাই করেন। দিল্লির ৭০ আসনে মোট প্রতিদ্বন্দ্ব্বিতা করেন ৬৭২ প্রার্থী। এএপি সব আসনেই প্রার্থী দেয়। বিজেপি দেয় ৬৭ আসনে, বাকি তিনটিতে তাদের জোট শরিক জেডিইউ ও এলজেপির প্রার্থী ছিল। এ ছাড়া ৬৬ আসনে কংগ্রেস ও বাকি চারটি আসনে জোটসঙ্গী আরজেডি প্রার্থী দাঁড় করায়।
গতকাল স্থানীয় সময় সকাল ৮টা থেকে ২১টি গণনাকেন্দ্রে ভোটগণনা শুরু হয়। সন্ধ্যায় ফলাফল ঘোষণার পর দেখা যায় একচেটিয়া জয় পেয়েছে এএপি। ২০১২ সালে দল গঠিত হওয়ার পরের বছরই বিধানসভার নির্বাচনে অংশ নেয় এএপি। সেবার ২৮টি আসন পেয়ে কংগ্রেসের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করে। মাত্র ৪৯ দিন পর দুর্নীতিবিরোধী জনলোকপাল বিল পাসে ব্যর্থ হয়ে পদত্যাগ করে তারা। ২০১৫ সালে ৭০ আসনের মধ্যে ৬৭টিতে জিতে আবার ক্ষমতায় আসে।
এএপির মূল কর্মতৎপরতা দেখা যায় এ মেয়াদে। শিক্ষাকে মূল হাতিয়ার করে দিল্লির বাজেটের ২৫ শতাংশ এ খাতেই বরাদ্দ করা হয়। সরকারি স্কুলগুলোর সংস্কারসহ শিক্ষকদের প্রশিক্ষণে বিশ্বের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়। কেজরিওয়াল লাগাম টেনে ধরেন বেসরকারি স্কুলগুলোর ক্রমবর্ধমান বেতন কাঠামোরও। পানি-বিদ্যুৎ সেবা একটি পর্যায় পর্যন্ত বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে বেশ কয়েক মাস ধরেই। সিসিটিভির আওতায় আনা হয়েছে প্রায় পুরো রাজধানীকে। নারীদের জন্য বিনা মূল্যে বাসযাত্রার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। আর বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে কেজরিওয়ালের মহল্লা ক্লিনিকগুলো।
দিল্লিবাসী মূলত এই কাজগুলোর ওপর ভিত্তি করেই রায় দিয়েছে। বিপরীতে দেখতে গেলে, বিজেপি তাদের সেই পুরনো চেহারা নিয়েই লড়তে আসে দিল্লিতে। সেই হিন্দুত্ববাদ এবং উগ্র জাতীয়তাবাদ। এর সঙ্গে নতুন সংযোজন নাগরিকপঞ্জী (এনআরসি), সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জনসংখ্যা নিবন্ধন (এনপিআর), কাশ্মীর ইস্যু। এই আইনগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারতের অধিকাংশ জনতা। তারই একটি ক্ষুদ্র অংশ গত ডিসেম্বর থেকে দিল্লির মুসলিম অধ্যুষিত শাহিনবাগ এলাকার ব্যস্ত সড়কে অবস্থান কর্মসূচি চালিয়ে আসছে। বিজেপি মূলত এদের লক্ষ্য করে প্রচারণা শুরু করে। মুসলিমবিদ্বেষী এ প্রচার দিল্লিবাসী প্রত্যাখ্যান করেছে।
তবে বিজেপির এই মুখ থুবড়ে পড়া এখানেই শেষ নাকি অব্যাহত থাকবে—সেটাই এখন বিবেচ্য। সূত্র : বিবিসি, এনডিটিভি, দ্য হিন্দু।








