বিজয় দিবস উপলক্ষে বিএসএমএমইউয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
প্রচ্ছদ » Uncategorized » বিজয় দিবস উপলক্ষে বিএসএমএমইউয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আজ (রোববার) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এ-ব্লকের অডিটোরিয়ামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শিক্ষা, চিকিৎসাসহ সংস্কৃতি ও সাহিত্যে উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। আজকের সোনামনি শিশুরাই আগামীদিনের উজ্জ্বল ভবিষ্যত গড়বে এবং সোনালী বাংলাদেশ নির্মাণ করবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সক্ষম হবে। সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে দেশপ্রেম জাগ্রত ও বিকশিত হয়ে থাকে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার বলেন, সুকুমার চর্চা ও রুচি ও মননশীলতা বিকশিত করা জন্য সংস্কৃতি চর্চার বিকল্প নেই। বাঙালি সংস্কৃতি বিশ্বজুড়ে নন্দিত। এই সংস্কৃতিকে আরও এগিয়ে নিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
বিশিষ্ট চিত্রশিল্পী মনিরুজ্জামান বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। দেশ থেকে রুচির দুর্ভিক্ষ দূর করতে সাংস্কৃতিক কর্মকাণ্ড জোড়দার করতে হবে। চিত্রাঙ্কন সংস্কৃতি চর্চার গুরুত্বপূর্ণ মাধ্যম। এর মধ্য দিয়ে বাঙালি সংস্কৃতি আরও বিকশিত ও সমৃদ্ধি হবে।
অনুষ্ঠানে অন্যদরে মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, বিশিষ্ট চিত্রশিল্পী ইমরান হোসেন, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, গ্রন্থাগারিক ও কবি অধ্যাপক ডা. মোঃ হারিসুল হক, শিশু নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ মিজানুর রহমান, ইপনার পরিচালক অধ্যাপক ডা. শাহীন আকতার, বক্ষব্যধি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, ইপনার সহযোগী অধ্যাপক ডা. গোপেন কুমার কুন্ডু, সহযোগী অধ্যাপক ডা. কানিজ ফাতেমা প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কে এম তারিকুল ইসলাম ও শিশু বিশেষজ্ঞ ডা. দেবাশীষ সাহা। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক গ্রুপে বিশেষ শিশু, খ গ্রুপে ৬ বছর বয়সের কম এবং গ গ্রুপে ৬-১২ বছর বয়সের শিশুরা অংশ নেয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা, নার্স ও কর্মচারীগণের ছেলেমেয়েরা অংশগ্রহণ করেন এবং প্রত্যেক গ্রুপে ৩টি করে পুরস্কার প্রদান করা হয়।








