বুধবার সকালে নয়, বিকালে আসছেন বিশ্বজয়ী যুবারা
প্রচ্ছদ » Uncategorized » বুধবার সকালে নয়, বিকালে আসছেন বিশ্বজয়ী যুবারা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: শেরেবাংলায় সাজ সাজ রব। হোম অব ক্রিকেটের ভিতরে ও বাইরে রীতিমত উৎসবমুখর পরিবেশ। বাড়তি আলোক শয্যা। ২০১১ সালের বিশ্বকাপের সময় যে ডিজিটাল বর্ণিল আলোক শয্যা করা হয়েছিল, সেই নানা রঙের আলোর ঝলকানিতে এখন আবার আলোকিত শেরেবাংলা স্টেডিয়াম ও তার আশপাশ।
উপলক্ষ যুব দলের বিশ্বকাপ বিজয়। আকবর আলিদের সাদর সম্ভাষণ জানাতে অন্যরকম সাজে সজ্জিত এখন শেরেবাংলা। ওদিকে ক্রিকেট অনুরাগীরা উন্মুখ অপেক্ষায়- কখন বিশ্বকাপ হাতে রাজধানীতে পা রাখবেন সোনার যুবারা। গোটা দেশ সোনালি সাফল্য বয়ে আনা যুব দলকে বরণ করে নিতে প্রস্তুত।
কথা ছিল আগামীকাল ১২ ফেব্রুয়ারি বুধবার সকালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে ঢাকায় এসে পৌঁছবেন বাংলার সোনার ছেলেরা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গতকাল সোমবার সাংবাদিকদের সাথে আলাপেও বলেছিলেন, ‘বিশ্ব যুব ক্রিকেটে চ্যাম্পিয়ন সোনার ছেলেরা দেশে ফিরবেন ১২ ফেব্রুয়ারি সকালে।’
তিনি তখন যোগ করেন, ‘অনেক ক্রিকেটারই অনেক বড় ত্যাগ স্বীকার করেছে। অনেক কষ্টও করেছে। ক্রিকেটাররা সবাই দেশে ফিরে আপনজন, পরিবার বাবা-মা, ভাই-বোন, নিকটাত্মীয়-স্বজনদের সাথে দেখা করতে মুখিয়ে আছে।’
বলার অপেক্ষা রাখে না, ‘যুব বিশ্বকাপ চলাকালীন আপন বোনকে হারিয়েছেন অধিনায়ক আকবর আলি। সেই শোককে শক্তিতে পরিণত করে ফাইনালে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় শক্ত হাতে হাল ধরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে বিশ্বকাপ জয়ের নায়ক বনে গেছেন রংপুরের এ সাহসী যুবা।
বিসিবি সভাপতি বলেছিলেন, আমরা বুধবার সকালে যুব দল হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছার পর বড়সড় সংবর্ধনার আয়োজন করবো না। ক্রিকেটারদের নিয়ে বিমানবন্দর থেকে সরাসরি বিসিবি একাডেমিতে চলে যাব। সেখানেই প্রেস মিট করে ক্রিকেটারদের নিজ নিজ গন্তব্যে যাওয়ার ব্যবস্থা করে দেয়ার কথাও জানিয়েছিলেন পাপন।
বিসিবি সভাপতি আরও জানিয়েছিলেন, ‘রাজধানী ঢাকার বিমানবন্দরে অনেক মানুষের আসা-যাওয়া। তাই সেখানে ট্রাফিকের অবস্থা এমনিতেই খুব খারাপ। সেখানে বড় ধরনের কোন আয়োজন করলে আরও হ-য-ব-র-ল অবস্থার সৃষ্টির সম্ভাবনা থাকবে। তাই ক্রিকেটারদের যত দ্রুত ও ছোট আনুষ্ঠানিকতায় বিমানবন্দরে বরণ করে নিয়ে সোজা শেরেবাংলায় চলে আসা যায়, সেটাই চিন্তা করছি আমরা।’
কিন্তু শেষ খবর, যুব দলের দেশে ফেরার সময় পাল্টেছে। এখন অজ্ঞাত কারণে আগামীকাল বুধবার সকাল ৮টা ২০ মিনিটে নয়, বিকেল ৫টায় রাজধানীতে এসে পা রাখবে আকবর আলির দল। বিসিবির উচ্চপর্যায়ের এক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, যুব দল ঢাকায় পৌঁছবে বুধবার বিকেল ৫টায়।
বোর্ড পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস মঙ্গলবার রাতে বলেন, ‘আসলে ফ্লাইট শিডিউল চেঞ্জ হয়েছে। যেহেতু এটা বিশ্ব যুব ক্রিকেটের আসর, তাই ফ্লাইট বুকিং ও শিডিউল সবই আইসিসি করেছে। তারা যখন ফ্লাইট শিডিউল করেছে, তখনই হয়েছে। এটা শুরুতে সকালের কথা থাকলেও আমরা পরে জেনেছি, যুবদল কাল বুধবার বিকেলে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।’








