পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: যশোরের বেনাপোল পোর্ট থানাধীন সাদীপুর সীমান্ত থেকে হুন্ডির ৬৫ লাখ টাকাসহ মোস্তাক আলী (৩৫) নামে এক হুন্ডি পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। তিনি সাদীপুর গ্রামের তোরাব আলীর ছেলে।
বুধবার রাত সাড়ে ৮টায় মোস্তাক আলী ভারত থেকে বাংলাদেশের সাদীপুর গ্রামের ডাক্তার বাড়ি পোস্ট দিয়ে প্রবেশের সময় তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন সূত্রে খবর আসে, একজন হুন্ডি পাচারকারী বিপুল পরিমাণ টাকা নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের টহল দলের বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে একটি চটের ব্যাগসহ মোস্তাক আলীকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে ব্যাগে তল্লাশি করে ৬৫ লাখ টাকা পাওয়া যায়।
বিজিবির ৪৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক ৬৫ লাখ টাকাসহ একজন হুন্ডি পাচারকারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। টাকাসহ মোস্তাক আলীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।








