বের করা হলো সেই শিশুর লাশ, বাবা আটক
প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » বের করা হলো সেই শিশুর লাশ, বাবা আটক
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানীর বাংলামোটরের সেই বাড়ি থেকে তিন বছর বয়সী শিশু সাফায়েতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে তার বাবা নুরুজ্জামান কাজলকেও।
আজ বুধবার বেলা ১টা ৫০ মিনিটে ওই শিশুর বাবা নুরুজ্জামান কাজলকে আটক করে শাহবাগ থানার দিকে নিয়ে যাওয়া হয়।
ওই বাসায় এক বাবা তার দুই শিশুসন্তানকে ‘জিম্মি’ করে রেখেছেন- এমন সংবাদে সকালে বাসাটি ঘিরে ফেলে পুলিশ। কিছুক্ষণ পরে র্যাব, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যেরা ঘটনাস্থলে যায়।
সকাল থেকেই ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন কাজলের স্বজন ও প্রতিবেশীরা। সেখানে থাকা কাজলের ভাই নুরুল হুদা উজ্জ্বল বলেন, কাজলের দুই সন্তান। একজন সাফায়েত, তার বড় আরেকজন আছে সুরায়েত। আমরা সাফায়েতের মৃত্যুর সংবাদ শুনে ঘটনাস্থলে এসেছি। সকালে ঢুকতে গিয়েও পারিনি।
তিনি বলেন, বাবাই খুন করেছেন সাফায়েতকে। কারণ কাজল মাদকাসক্ত। আর আমরা যখন বাসায় ঢুকতে গেছি, তখন কাজল আমাদের দিকে দা নিয়ে তেড়ে আসেন।
তবে ঘটনাস্থলে থাকা কয়েকজন প্রতিবেশী জানিয়েছেন, কাজল ও উজ্জ্বলের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ আছে।
ঘটনাস্থলে থাকা শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, একটা বাচ্চা মারা যাওয়ার খবরে ছুটে এসেছি। কিন্তু আমরা বাসার ভেতরে ঢুকতে পারছি না। ভেতরে রয়েছেন শিশুটির বাবা কাজল। তাকে বুঝিয়েও বাসায় ঢুকতে পারিনি।
সকালে র্যাব-২ এর উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, আমরা কাজলের দোতলার বাসায় ঢোকার চেষ্টা করেও পারিনি। তিনি এক সন্তানকে বুকে জড়িয়ে রেখেছেন। হাতে তার দা। আরেক সন্তানকে কাফনের কাপড় পরিয়ে টেবিলের ওপর রেখেছেন। ভেতরে হুজুরের মতো একজনও দেখতে পেলাম।
কাফনের কাপড়ে রক্ত দেখা গেছে কি-না, জানতে চাইলে এসআই বলেন, রক্ত দেখলাম না। আমরা বোঝাতে চাইলেও কাজল বলছেন, কে ডেকেছে আপনাদের? আপনাদের আসার দরকার নেই। ১টা বাজলেই আমার সন্তানকে দাফন করবো। আপনারা চলে যান।








