ভাসানচরে রোহিঙ্গাদের পুনর্বাসনে কাজ চলছে
প্রচ্ছদ » Uncategorized » ভাসানচরে রোহিঙ্গাদের পুনর্বাসনে কাজ চলছেনিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের পুনর্বাসনের দ্রুত কাজ এগিয়ে চলছে।
বুধবার জাতীয় সংসদ ভবনে নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল এস. এম. আজম ‘প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৭তম বৈঠকে এ বিষয়টি অবহিত করেন।
বৈঠকে মেজর জেনারেল মো. সিদ্দিকুর রহমান জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সমস্যা নিরসনের জন্য ইতোমধ্যে ১০ হাজার টয়লেট স্থাপন, খাবার ও ত্রাণ বিতরণ এবং তাদের জন্য অস্থায়ী ক্যাম্প তৈরি নিশ্চিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অন্যদিকে বৈঠকে নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল এস. এম. আজম কমিটিকে ভাসানচরে রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য নৌবাহিনী দ্রুত কাজ করে যাচ্ছে বলে জানান।
এছাড়া বৈঠকে উখিয়ায় রোহিঙ্গাদের অস্থায়ী ক্যাম্পে সেনাবাহিনীর কাজ কমিটি কর্তৃক পরিদর্শনে যাওয়ার ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। কমিটি পূর্ত পরিদপ্তর, ইইনসি’র শাখাতে কর্মরত ক্যাজুয়াল কর্মচারীদের বয়স এবং যোগ্যতার ভিত্তিতে স্থায়ী করার সুপারিশ করে।
কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. মাহবুবুর রহমান, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মাহমুদ উস সামাদ চৌধুরী এবং হোসনে আরা বেগমসহ সেনা, বিমান ও নৌবাহিনী এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।








