রাজধানীর প্রবেশমুখে পুলিশি তল্লাশি, ভোগান্তিতে যাত্রীরা
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » রাজধানীর প্রবেশমুখে পুলিশি তল্লাশি, ভোগান্তিতে যাত্রীরাপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা-আরিচা মহাসড়কের রাজধানীর প্রবেশ মুখ সাভারের আমিনবাজার থেকে যাত্রীবাহী বাসসহ পরিবহনগুলোতে পুলিশের তল্লাশি চলছে। এতে যাত্রীবাহী পরিবহনগুলোকে রাজধানীতে প্রবেশ করতে না দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
বুধবার (১২ জুলাই) সকালে ১০টার দিকে এ তথ্য জানা গেছে। সাভার থেকে রাজধানীতে প্রবেশের সব কয়টি পথে চেকপোস্ট বসিয়ে দেওয়া হয়েছে ও তল্লাশি করা হচ্ছে যাত্রীদের।
এছাড়া সাভারের মহাসড়কগুলোতে গণপরিবহন তুলনামূলকভাবে কম দেখা গেছে।
ঢাকায় অফিসে যাচ্ছিলেন খাইরুল আলম মিন্টু। সড়কে আমিনবাজারের পৌঁছালে তার বাস ঘুরিয়ে দেয়। তিনি বলেন, সকালে ঢাকায় যাওয়ার জন্য বাসে উঠেছিলাম। কিন্তু বলিয়াপুর যাওয়ার পরপরই যানজট সৃষ্টি হয়। পরে বাধ্য হয়ে হেঁটেই অফিসের দিকে যাচ্ছি।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহ বলেন, ঢাকায় আদালত চত্বর থেকে দুইজন জঙ্গি পালিয়েছিল তাদের তথ্য পাওয়া গেছে। তারা এদিক দিয়েই যেতে পারে। তাই জঙ্গি ধরতে চিরুনি অভিযান চলছে। ঢাকার প্রবেশমুখ আমিনবাজার, বিরুলিয়া ও আশুলিয়ায় চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে ভোর থেকেই।
পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ১২ জুলাই ২০২৩।








