রাজশাহীর দুর্গাপুরে শ্বশুরবাড়িতে নববধূর আত্মহত্যা
প্রচ্ছদ » Uncategorized » রাজশাহীর দুর্গাপুরে শ্বশুরবাড়িতে নববধূর আত্মহত্যা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজশাহীর দুর্গাপুরে শাহিনা খাতুন (১৯) নামে এক নববধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের তিওর কুড়ি লক্ষ্মীপুর এলাকার শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শাহিনা খাতুন ওই গ্রামের রাজিবুল ইসলাম রাজিবের স্ত্রী। তিনি উপজেলার পানানগর গ্রামের শাহাদ আলীর মেয়ে। পরিবারের সম্মতিতেই এক সপ্তাহ আগে রাজিবের সঙ্গে বিয়ে হয় শাহিনার। এরপর থেকে তিনি শ্বশুরবাড়িতেই ছিলেন।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে নিজ শোয়ার ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন শাহিনা। বিষয়টি টের পেয়ে তাকে অচেতন অবস্থায় নামান স্বজনরা। এরপর দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাত পৌনে ৯টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খুরশিদা বানু কণা বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হয়েছে নববধূ শাহিনা আত্মহত্যা করেছেন। এর কোনো কারণ শ্বশুরবাড়ির লোকজন জানাতে পারেননি। তবে নিহতের মা বলছেন- তার পেটের অসুখ ছিল। তা থেকেই হয়তো আত্মহত্যা করেছে। পুলিশ সম্ভাব্য সব কারণ খুঁজে বের করতে কাজ করছে বলে ওসি জানান।
ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে নেয়া হবে। আপাতত এ ঘটনায় অপমৃত্যু মামলা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১১ সেপ্টেম্বর , ২০২০।








