রিজওয়ান রাহমান ঢাকা চেম্বারের সভাপতি পুনর্নির্বাচিত
প্রচ্ছদ » Uncategorized » রিজওয়ান রাহমান ঢাকা চেম্বারের সভাপতি পুনর্নির্বাচিতপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ইটিবিএল সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান রাহমান ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে আরমান হক ঊর্ধ্বতন সহসভাপতি হিসেবে এবং মনোয়ার হোসেন সহসভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।
বুধবার (২২ ডিসেম্বর) ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত ডিসিসিআইর ৬০তম বার্ষিক সাধারণ সভায় রিজওয়ান রাহমানকে আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত ঘোষণা করা হয় এবং চেম্বারের দায়িত্বভার দেওয়া হয়।
ঢাকা চেম্বারের নবনির্বাচিত পরিচালকরা হলেন- মালিক তালহা ইসমাইল বারী, মো. আব্দুল মান্নান, মো. হাবিব উল্লাহ তুহিন, মো. জুনায়েদ ইবনে আলী, সামির সাত্তার এবং এস এম গোলাম ফারুক আলমগীর।
ঢাকা চেম্বারের পুনর্নির্বাচিত সভাপতি রিজওয়ান রাহমান তার বহুমাত্রিক ব্যবসায়িক ক্যারিয়ারে ইটিবিএল হোল্ডিংস লিমিটেডের বিভিন্ন শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ইটিবিএল হোল্ডিংস লিমিটেড অন্যতম বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে দেশে আর্থিক খাত, ড্রেজিং অবকাঠামো, হিমাগার, আসবাবপত্র এবং সংবাদপত্রসহ প্রভৃতি ব্যবসায় নিয়োজিত রয়েছে। এছাড়া তিনি ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ইংরেজি দৈনিক ‘দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস’র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
যুক্তরাজ্য থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে তিনি ২০০৬ সাল থেকে ঢাকা চেম্বারের সঙ্গে সম্পৃক্ত হয়ে বেসরকারি খাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিনিয়োগ এবং বহুমাত্রিক বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে তিনি বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই), বাংলাদেশ ফিলিপাইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০২১ সালে তিনি ঢাকা চেম্বারের সভাপতি হিসেবে নিয়োজিত ছিলেন।
ডিসিসিআইর নবনির্বাচিত ঊর্ধ্বতন সহসভাপতি আরমান হক বর্তমানে ইনস্টার লিমিটেড এবং আরমান হক ডেনিমস লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি গ্যাস ওয়ান লিমিটেড এবং হাউজ অফ সানসাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োজিত আছেন। তিনি যুক্তরাষ্ট্রের নর্থ-ইস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে লিডারশিপ অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ওপর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার প্রতিষ্ঠান ইনস্টার লিমিটেড বাংলাদেশে অবাসন খাতে একটি স্বনামধ্য প্রতিষ্ঠান, যেটি দেশে বুটিক আবাসন এবং বাণিজ্যিক ভবন নির্মাণের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। সেইসঙ্গে বিশেষ করে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর মানসম্মত শিক্ষা ও উন্নত জীবনমান নিশ্চিতকল্পে সামাজিক সংগঠন জাগো ফাউন্ডেশনের সঙ্গে জোরালোভাবে সম্পৃক্ত থেকে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
পুনর্নির্বাচিত সহসভাপতি মনোয়ার হেসেন, পুরান ঢাকায় অবস্থিত মেসার্স মনোয়ার ট্রেডিংয়ের স্বত্বাধিকারী, যেটি বিভিন্ন দেশের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানি ব্যবসায় নিয়োজিত। এছাড়া তার প্রতিষ্ঠান জাপান থেকে রিকন্ডিশনড গাড়ি আমদানির কাজেও সম্পৃক্ত রয়েছে। ২০২১ সালে তিনি ঢাকা চেম্বারের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। মনোয়ার হোসেন বাণিজ্যে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি উত্তরা ক্লাবেরও একজন সক্রিয় সদস্য।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২২ ডিসেম্বর , ২০২১।








