রিটার্নিং কর্মকর্তা হিসেবে ডিসিরা কেন বৈধ নয় : হাইকোর্ট
প্রচ্ছদ » Uncategorized » রিটার্নিং কর্মকর্তা হিসেবে ডিসিরা কেন বৈধ নয় : হাইকোর্ট
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলা প্রশাসকদের (ডিসি) রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না -তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। তিন সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন সচিবসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
বুধবার (১২ ডিসেম্বর) বিচারপতি সৈয়দ রেফাত আহম্মেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।
এর আগে গত ৬ ডিসেম্বর জেলা প্রশাসকদের (ডিসি) রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী আবদুর রহমান।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাকিব মাহবুব।
রিটে নির্বাচন বন্ধ বা স্থগিতের জন্য কোনও প্রতিকার দাবি না করে শুধুমাত্র বিভাগীয় কমিশনার ও ডিসিদের পরিবর্তে ইসির আওতাভুক্ত জেলা নির্বাচন কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে প্রতিস্থাপন চাওয়া হয়।
রিটে আরও বলা হয়, জেলা প্রশাসকেরা নির্বাচন পরিচালনাকারী হতে পারেন না। কারণ এতে সাংবিধানিক বাধা আছে। সংবিধানের ১২৬ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সকল নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য হইবে।’ আর ডেপুটি কমিশনাররা প্রজাতন্ত্রের নির্বাহী বিভাগে কর্মরত আছেন। তাই তারা নিজেরা সরাসরি নির্বাচন পরিচালক হতে পারবেন না।








