রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে মিয়ানমার
প্রচ্ছদ » Uncategorized » রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে মিয়ানমারনিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের পক্ষ থেকে রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেয়ার প্রস্তাব দেয়া হয়েছে। তাদের প্রত্যাবাসন কীভাবে হবে সে বিষয়ে একটি ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’ গঠনের সিদ্ধান্তে একমত হয়েছে দুই দেশ। খুব স্বল্প সময়ের মধ্যে ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’ কাজ শুরু করবে বলে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি’র দফতরের মন্ত্রী কিও তিন্ত সোয়ের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
সোমবার বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক শুরু হয়। শেষ হয় বেলা ১টায়।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আরও বলেন, মিয়ানমারের সঙ্গে খুবই সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শিগগিরই মিয়ানমার সফরে যাবেন। সেই সফরে মিয়ানমারের সঙ্গে ‘সীমান্ত সুরক্ষা সম্পর্কিত একটি সমঝোতা স্মারক’ সই হতে পারে।
বৈঠকে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্র সচিব শহিদুল হক, বিজিবি ডিজি আবুল হোসেন ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কম্পোজিশন (গঠন) কী হবে, সেটা বাংলাদেশও ঠিক করবে, ওরাও ঠিক করবে। এ বিষয়ে উভয় দেশই সম্মত হয়েছে।
মিয়ানমারের সঙ্গে আলোচনায় প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহায়তার লক্ষ্যে বাংলাদেশ একটি দ্বিপাক্ষিক চুক্তির প্রস্তাব করেছে। আমরা খসড়া প্রস্তাব হস্তান্তর করেছি মন্ত্রীর (মিয়ানমার) কাছে।
“চূড়ান্ত ও নিরাপত্তা সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে। অত্যন্ত ফলপ্রসু আলোচনা। বাংলাদেশ সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছেন। উনি শিগগিরই মিয়ানমারে যাবেন আশা করছি। উভয়পক্ষ শান্তিপূর্ণ উপায়ে, আমরা যেটা বলে আসছি প্রথম থেকে, শান্তিপূর্ণ উপায়ে আমরা এ সমস্যার সমাধান করতে চাই। দু’পক্ষই তাতে একমত হয়েছে।”








